দেশের খবর
ধর্মেন্দ্রর ইস্তফার পর কেন্দ্রের লিখিত গ্যারান্টি! আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির
ডিজিটাল ডেস্কঃ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) চলা আন্দোলনের অবসান ঘটাল ককরোচ জনতা পার্টি (CJP)। কেন্দ্রীয় সরকারের (Central Government) সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস এবং লিখিত গ্যারান্টি (Written Guarantee) পাওয়ার পরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন সংগঠনের প্রতিনিধিরা।
এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) পদত্যাগ করেন। এরপর শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) ও জিতেন্দ্র সিং (Jitendra Singh)-এর সঙ্গে বৈঠকে বসেন সিজেপির (CJP) প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
বৈঠকের পর সৌরভ দাস জানান, আন্দোলনের প্রথম দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যেই কার্যকর হয়েছে। পাশাপাশি দ্বিতীয় দাবিও সরকার লিখিতভাবে মেনে নিয়েছে। আন্দোলনের জেরে দায়ের হওয়া সব এফআইআর (FIR) প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও এই আন্দোলনকে কেন্দ্র করে কোনও নতুন আইনি পদক্ষেপ (Legal Action) নেওয়া হবে না বলে কেন্দ্র আশ্বাস দিয়েছে। শুধু দিল্লি নয়, বিজেপি (BJP) শাসিত অন্যান্য রাজ্যেও দায়ের হওয়া মামলাগুলিও প্রত্যাহারের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে।
তৃতীয় দাবিতে নিট (NEET) প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যাকারী পড়ুয়াদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছিল। এ বিষয়ে কেন্দ্র জানায়, আইন অনুযায়ী (As Per Law) যতটা সম্ভব আর্থিক সহায়তা (Financial Assistance) দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার (Education System) সংস্কার সংক্রান্ত পাঁচ দফা প্রস্তাবও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, সিজেপির দেওয়া পাঁচ দফা সনদ (Five-Point Charter) বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে। সরকারের আশ্বাসে সন্তুষ্ট হয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে সিজেপি। সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।
