দেশের খবর
ছাত্র বিক্ষোভে পেলেট ব্যবহারের অভিযোগ! পেলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারানোর মুখে ১৯ বছরের তরুণ
ডিজিটাল ডেস্কঃ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) চলা ছাত্র বিক্ষোভ (Student Protest) ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party) বা CJP-এর নেতৃত্বে হওয়া ‘চলো সংসদ’ অভিযানে পুলিশি বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের পাশাপাশি পেলেট গান (Pellet Gun) ব্যবহার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এই ঘটনায় ১৯ বছরের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড়ের বাসিন্দা সাহিল লোচব (Sahil Lochab)-এর ডান চোখে পেলেটের আঘাত লেগেছে বলে তাঁর পরিবারের দাবি। তাঁকে দিল্লির এইমস (AIIMS) ট্রমা সেন্টারে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচারও হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, চোখের গুরুতর ক্ষতির কারণে তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
সাহিলের পরিবারের বক্তব্য, গত ২০ জুলাই নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে হওয়া সংসদ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। সেই সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে তিনি আহত হন। শুধু সাহিল নন, আরও কয়েকজন আন্দোলনকারীর শরীরে পেলেটের আঘাতের অভিযোগ উঠেছে। শেখ ইরশাদ মনসুরি নামে ২৫ বছরের এক যুবকের মুখ ও গলা থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বেশ কিছু ধাতব টুকরো (Metal Pellets) বের করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে পেলেট গান ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। পুলিশের দাবি, তাদের কাছে এই ধরনের অস্ত্র নেই এবং বিক্ষোভকারীদের ওপর পেলেট ব্যবহার করা হয়নি। এদিকে ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে। CJP-এর তরফে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে অভিযোগ করা হয়েছে, আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।
পেলেট গানের ব্যবহার নিয়ে এর আগেও জম্মু ও কাশ্মীরসহ বিভিন্ন জায়গায় বিতর্ক তৈরি হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলিও অতীতে এই ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দিল্লির এই ঘটনায় ছাত্র আন্দোলন, পুলিশি পদক্ষেপ এবং ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত অস্ত্র নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনার পর প্রশাসনের ভূমিকার দিকে নজর রাখছে বিভিন্ন মহল।
