খেলার খবর
ব্যাট হাতে ওস্তাদের মার শেষ রাতে! ১১ বলে হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
ডিজিটাল ডেস্কঃ অবশেষে লঙ্কান মাটিতে ব্যাট হাতে বিধ্বংসী ঝড় (Storm) তুললেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। হাজারো সমালোচনা, বিতর্ক ও আগের ম্যাচগুলির ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ত্রিদেশীয় এক দিনের সিরিজের (Tri-Nation Series) ফাইনালে মাত্র ১১ বল খেলে অর্ধশত রান পূর্ণ করলেন বিহারের এই ভূমিপুত্র। আর সেই সঙ্গেই লিস্ট ‘এ’ (List A) অর্থাৎ এক দিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে নতুন বিশ্বরেকর্ড (World Record) গড়লেন ১৫ বছর বয়সী এই তরুণ ওপেনার।
ডাম্বুলায় আয়োজিত এই ভাগ্য নির্ধারণী ম্যাচে ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন বৈভব। বাঁ-হাতি পেসার দুলাজ সমুদিথার বলে ছক্কা হাঁকিয়ে তিনি এই অনন্য মাইলফলকে পৌঁছান। ১১ বলে করা এই অর্ধশতরানের পথে তিনি ৫টি চার ও ৫টি ছক্কা হাঁকান, যার মধ্যে একটি মাত্র ডট বল (Dot Ball) ছিল। এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৪৫৪.৬, যা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। বৈভবের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায় লঙ্কান বোলাররা। এই নজির গড়ার পথে বৈভব ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কৌশল্য বীররত্নের ২০০৫ সালের ১২ বলে করা হাফ সেঞ্চুরির রেকর্ড।
বিশ্বরেকর্ডের পরও অবশ্য থামেনি বৈভবের ব্যাট। তিনি দ্রুততম সেঞ্চুরির (Fastest Century) দিকে এগোচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত মাত্র ৬ রানের জন্য তিন অঙ্কের রান পাওয়া হয়নি তাঁর। লঙ্কান অধিনায়ক সাহান আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দিয়ে মাত্র ২৯ বলে ৯৪ রানের একটি ধামাকাদার ইনিংস খেলে আউট হন বৈভব। তাঁর এই ইনিংসে মোট ১০টি চার ও ৮টি ছক্কা ছিল। কিছুদিন আগেই শ্রীলঙ্কা ‘এ’ দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠের ভেতরে এক অনভিপ্রেত বিতর্ক বা ঝামেলায় (Controversy) জড়িয়ে ট্রোলের শিকার হতে হয়েছিল এই কিশোরকে। তবে আইপিএল ২০২৬-এর (IPL 2026) এই সর্বোচ্চ রান সংগ্রাহক ফাইনালের মঞ্চে ব্যাট হাতেই তার যোগ্য জবাব দিলেন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয় টি-২০ (T20) দলে জায়গা করে নেওয়া বৈভবের আত্মবিশ্বাস এই ইনিংসের পর অনেকটাই বেড়ে গেল।
