দেশের খবর
টাকা দিলেই মিলত ভুয়ো নথিসহ নবজাতক! দিল্লিতে চিকিৎসকসহ গ্রেপ্তার ১৩ পাচারকারী
ডিজিটাল ডেস্কঃ দেশের রাজধানী দিল্লিতে রীতিমতো পণ্যের ধাঁচে ‘প্রাইস ট্যাগ’ বা রেট কার্ড লাগিয়ে সদ্যোজাত শিশু বিক্রির এক ভয়ংকর চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এই আন্তঃরাজ্য শিশুপাচার চক্রে (Child Trafficking Racket) কন্যাসন্তানের দাম ধার্য করা হয়েছিল ৩ থেকে ৫ লক্ষ টাকা এবং পুত্রসন্তানের দাম ছিল ৬ থেকে ৮ লক্ষ টাকা। দীর্ঘ নজরদারির পর খদ্দের সেজে ফাঁদ পেতে পুলিশ ৫ জন সদ্যোজাতকে উদ্ধার করেছে এবং এই চক্রের মূল মাথার পাশাপাশি একজন চিকিৎসক, দালাল ও সম্ভাব্য ক্রেতাসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার (Arrest) করেছে।
পুলিশি তদন্তে জানা গেছে, এই চক্রটি মূলত রাজস্থান ও গুজরাটের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে টার্গেট (Target) করত। সেখান থেকে নবজাতকদের সংগ্রহ করে ভুয়ো নথি, জাল চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র এবং মিথ্যা পরিচয়পত্র তৈরি করে দিল্লি-এনসিআর (Delhi-NCR) ও পার্শ্ববর্তী রাজ্যের সন্তানহীন দম্পতিদের কাছে বিক্রি করা হতো। এমনকি গ্রাহকদের বিশ্বাস জোগাতে হাসপাতালে ভুয়ো গর্ভাবস্থার (False Pregnancy) নাটকও ফাঁদা হতো। উদ্ধার হওয়া শিশুদের বয়স ৫ দিন থেকে ৪ মাসের মধ্যে, যাদের আপাতত নিরাপদ হেফাজতে (Safe Custody) রাখা হয়েছে।
দিল্লির পাহাড়গঞ্জ এলাকার এক সাধারণ নাগরিকের তৎপরতায় এই পুরো বিষয়টি সামনে আসে। তিনি লক্ষ্য করেন, এক মহিলা প্রায় দিনই নতুন নতুন শিশুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন। এরপর পুলিশ টানা ১৫ দিন ধরে গোপনে অপারেশন (Secret Operation) চালিয়ে এই চক্রের জাল কেটে ফেলে। প্রাথমিক অনুমান, এই নেটওয়ার্কের মাধ্যমে ইতিমধ্যে অন্তত ৩০টি শিশুকে পাচার করা হয়েছে। এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজেও জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
