পাকিস্তান
আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা! ১১ শিশুসহ ১৩ জনের মর্মান্তিক মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানের কুনার (Kunar), খোস্ত (Khost) এবং পাকতিকা (Paktika) প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর (Military) বিমান হামলার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। আফগান তালিবান (Taliban) প্রশাসনের দাবি, এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ।
তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের যুদ্ধবিমান (Air Strike) আফগান আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক (Civilian) বসতি এলাকায় হামলা চালিয়েছে। হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাবুল (Kabul) এই ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের (Sovereignty) ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলের (International Community) দৃষ্টি আকর্ষণেরও আহ্বান জানানো হয়েছে।
যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তানবিরোধী জঙ্গিদের (Militants) ঘাঁটি লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে টিটিপি পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। অন্যদিকে তালিবান প্রশাসন এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা দুই দেশের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি (Ceasefire) ও কূটনৈতিক সম্পর্ককে আরও সংকটের মুখে ঠেলে দিতে পারে।
