ভাইরাল খবর
বিশ্ব পরিবেশ দিবসে শুভেন্দুর বড় ঘোষণা! আবাসনে এক-তৃতীয়াংশ সবুজ বাধ্যতামূলক
ডিজিটাল ডেস্কঃ ‘বিশ্ব পরিবেশ দিবস’ (World Environment Day) উপলক্ষে কলকাতার নলবনে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে পরিবেশ রক্ষায় একগুচ্ছ কড়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী। মহানগরী যেভাবে কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে তিনি স্পষ্ট জানান, নতুন আবাসন বা বহুতল প্রকল্পের মোট জমির অন্তত এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ (tree plantation) করা আইনিভাবে বাধ্যতামূলক। বিল্ডিং প্ল্যান অনুমোদনের সঙ্গে যুক্ত কর্তারা এই নিয়ম জানলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলে ক্ষোভ উগরে দেন তিনি।
এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী প্রবর্তিত ‘একটি গাছ মায়ের নামে’ (Plant a tree in mother’s name) কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যজুড়ে ৬ লক্ষ ফলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, আসন্ন বর্ষা মরশুমে রাজ্যব্যাপী মোট ১ কোটি ১০ লক্ষ গাছ রোপণের লক্ষ্যমাত্রা (target) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্কুল স্তর থেকেই পরিবেশ সচেতনতা বাড়াতে পাঠ্যক্রমে (syllabus) প্রয়োজনীয় পরিমার্জন করা হবে এবং ইকো ক্লাব গঠন করলে রাজ্য সরকার আর্থিক সহায়তা দেবে।
জঙ্গলমহল ও তরাই-ডুয়ার্সে অবাধে গাছ কাটা ও জঙ্গল ধ্বংসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কালীঘাট, দক্ষিণেশ্বর এবং কপিল মুনির আশ্রমের মতো ধর্মীয় স্থানগুলির পরিচ্ছন্নতা (cleanliness) বজায় রাখতেও বিশেষ জোর দেন তিনি। লকেট চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি (BJP) নেতৃত্বের উপস্থিতিতে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নলবনের জলাশয়ে মাছের পোনাও অবমুক্ত করেন।
