ভাইরাল খবর
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! বুধবারই ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মহিলা উপভোক্তাদের জন্য এক বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার থেকেই রাজ্যে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনার প্রক্রিয়া। মঙ্গলবার কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল চত্বরে নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি— এই তিন জেলার প্রশাসনিক বৈঠক (Administrative meeting) শেষে সাংবাদিক সম্মেলনে এই সুখবর দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, যতদিন না মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, ততদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ হবে না, তা সচল থাকবে।
বুধবার বিকেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে এই প্রকল্পের নতুন ফর্ম প্রকাশ (Publish) করবেন মুখ্যমন্ত্রী। অনলাইন ও অফলাইন— দুটি মাধ্যমেই এই ফর্ম পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “উপভোক্তারা (Beneficiaries) যত দ্রুত নাম নথিভুক্ত করবেন, তত তাড়াতাড়ি সুবিধা পাবেন। যেমন যেমন ফর্ম পূরণ হবে, তেমনভাবেই ৩০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।” এই ফর্ম পূরণের কাজে সাধারণ মানুষকে সাহায্য করতে বিধায়কদের পাশাপাশি বিডিও-দের (BDO) নেতৃত্বে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। তবে শুভেন্দুর কড়া বার্তা, “এই সুবিধা শুধু ভারতীয় নাগরিকরাই পাবেন, বাংলাদেশ থেকে আসা কোনো অনুপ্রবেশকারী (Infiltrators) নয়।”
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আরও একঝাঁক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহ থেকেই সরকারি বাসে মহিলারা বিনামূল্যে (Free transit) যাতায়াতের সুযোগ পাবেন। তবে দুর্নীতি রুখতে পরবর্তীতে ‘স্মার্ট কার্ড’ (Smart card) দেওয়া হবে। এছাড়া ‘মা ক্যান্টিনে’ এখন থেকে সপ্তাহে দুই দিন মাত্র ৫ টাকায় মিলবে মাছ-ভাত। স্বাস্থ্য ক্ষেত্রেও বড় বদল এনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পকে ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) যোজনায় রূপান্তর করার কাজ শুরু হয়েছে।
প্রশাসনিক স্তরে স্বচ্ছতা আনতে পূর্বতন সরকারের ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ হেল্পলাইনটি বন্ধ করে শমীক ভট্টাচার্যের দেওয়া নতুন নাম ‘আপনার সরকারকে বলুন’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবারের এই বৈঠকে তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বেশ কয়েকজন বিরোধী বিধায়কের উপস্থিতি এক বেনজির (Unprecedented) রাজনৈতিক সৌজন্যের ছবি তৈরি করেছে। আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যজুড়ে বিশেষ জনকল্যাণ শিবির (Welfare camps) করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান।


