ভাইরাল খবর
সোনা পাপ্পু কাণ্ডে জেরা! সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস
ডিজিটাল ডেস্কঃ বহুবার তলব এড়ানোর পর অবশেষে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি-র (Enforcement Directorate) দপ্তরে হাজির হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, যিনি একসময় কালীঘাট থানার (Kalighat Police Station) ওসি ছিলেন। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) উপস্থিত হন তিনি এবং সোনা পাপ্পু (Sona Pappu) কাণ্ডসহ একাধিক আর্থিক তছরুপ ও তোলাবাজির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। এর আগে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়ে যান, এমনকি ২৮ এপ্রিলের ডাকে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করা হয়েছিল।
তদন্তে জানা যাচ্ছে, গোলপার্কের ব্যবসায়ী সোনা পাপ্পু ও তাঁর ঘনিষ্ঠ জয় কামদারের সঙ্গে আর্থিক অনিয়ম ও জমি দখল, তোলাবাজির অভিযোগে নাম জড়িয়েছে এই পুলিশ কর্তার। জয় কামদারকে আগেই গ্রেপ্তার করেছিল ইডি, তাঁর বাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। তদন্তকারীদের দাবি, এই নেটওয়ার্কের সঙ্গে প্রশাসনিক প্রভাব ব্যবহার করে লেনদেন চলত।
শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এনআরআই কোটায় ভর্তির অনিয়ম, বালি পাচার এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ১৯ এপ্রিল তাঁর বালিগঞ্জ (Ballygunge) ও পার্ক স্ট্রিট (Park Street) এলাকায় বাড়ি ও সংযুক্ত প্রতিষ্ঠানে দীর্ঘ তল্লাশি চালায় ইডি। এরপর থেকেই তাঁকে একাধিকবার তলব করা হয়।
এদিন তিনি দুই আইনজীবী (Lawyers) নিয়ে ইডি দপ্তরে হাজির হন। তদন্তকারীরা সোনা পাপ্পু মামলার সূত্র ধরে তাঁর ভূমিকা, আর্থিক লেনদেন এবং প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছে।


