ভাইরাল খবর
আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘চোর চোর’ স্লোগানে উত্তেজনা আদালত চত্বরে
ডিজিটাল ডেস্কঃ রাজনীতির মঞ্চ থেকে এবার সরাসরি আদালতের (Court) এজলাসে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে আইনজীবীর কালো পোশাক পরে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় সওয়াল করতেই তাঁর এই উপস্থিতি বলে জানা গিয়েছে। হাইকোর্টে তাঁর উপস্থিতিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।
প্রধান বিচারপতি সুজয় পাল (Chief Justice Sujoy Paul) এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তথা আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় (Shirshanya Banerjee) এই মামলা দায়ের করেছেন। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয় দেখানোর ঘটনা ঘটছে।
আদালতে মমতা দাবি করেন, তিনি ১৯৮৫ সাল থেকে বার কাউন্সিলের সদস্য এবং সেই অধিকারেই সওয়াল করতে চান। তাঁর বক্তব্য, তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), সংখ্যালঘু ও সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। বহু তৃণমূল কর্মী ঘরছাড়া হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। আদালতে মমতা বলেন, “এটা বুলডোজারের স্টেট নয়, এটা সাংস্কৃতিক বাংলা। বাংলাকে বাঁচান।”
শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও একাধিক হামলা, ভাঙচুর ও পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে পুলিশের পক্ষের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, অভিযোগগুলির সত্যতা যাচাই করতে সময় প্রয়োজন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
তবে শুনানি শেষে আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। হাইকোর্ট থেকে বেরোনোর সময় মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা তাঁকে দ্রুত কালীঘাটের বাড়িতে নিয়ে যান। এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তৃণমূল নেত্রী।


