ভাইরাল খবর
নজিরবিহীন দৃশ্য কলকাতা হাইকোর্টে! আইনজীবীর বেশে সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এবার আইনজীবীর ভূমিকায় দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে কালো কোট পরে আদালত চত্বরে প্রবেশ করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে তিনি সওয়াল করতে পারেন বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয় ভাঙচুর, কর্মীদের মারধর এবং হামলার ঘটনা ঘটেছে। সেই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়। মামলাটির শুনানি প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার মুখে পড়ে তৃণমূল কংগ্রেস। এরপর সাংবাদিক বৈঠকে মমতা জানিয়েছিলেন, তিনি আবার আইনজীবী (Lawyer) হিসেবে কাজ করবেন। সেই ঘোষণার পর এবার তাঁকে আদালতে আইনজীবীর পোশাকে দেখা গেল।
এর আগেও ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও দলের হয়ে আদালতে আইনি লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিতে পারেন তিনি বলেই মনে করছে রাজনৈতিক মহল।


