ভাইরাল খবর
গণনার আগে তৃণমূলের বড় বার্তা! ২০০-র বেশি আসনে জয়ের দাবি মমতার
ডিজিটাল ডেস্কঃ ভোটগণনার (Counting) আর মাত্র একদিন বাকি। সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ (Result). তার আগে শনিবার তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে ২৯৪টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে একাধিক কৌশলগত বার্তা দেওয়া হয় দলীয় কর্মীদের।
সূত্রের খবর, বৈঠকে দলনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল ২০০-র বেশি আসনে জয় পেতে চলেছে। তিনি কাউন্টিং এজেন্টদের নির্দেশ দেন, কোথাও জয়ের ব্যবধান কম থাকলে পুনর্গণনার (Recounting) দাবি তুলতে হবে। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, যতক্ষণ না তিনি নিজে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠকে জয় ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র না ছাড়েন।
বৈঠকের শুরুতেই দলীয় কর্মীদের লড়াইয়ের প্রশংসা করেন মমতা। তিনি বলেন, নির্বাচনের সময় যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের ভবিষ্যতে সম্মান ও পুরস্কার (Reward) দেওয়া হবে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী (CAPF)-এর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও তোলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, এক্সিট পোল (Exit Poll) বাস্তব চিত্র নয়, বরং তা শেয়ার বাজারে প্রভাব ফেলতে ব্যবহার করা হয়। তাঁর বক্তব্য, আগের নির্বাচনগুলির মতো এবারও একই কৌশল নেওয়া হয়েছে।
এই বৈঠকে রাজ্যের প্রায় সব কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের উপস্থিত থাকতে বলা হয় এবং গণনার দিন সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ফলপ্রকাশের আগেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে।


