উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরে স্ট্রংরুমে সিসিটিভি বিভ্রাট! আধঘণ্টার বেশি অচল ক্যামেরা ঘিরে ছড়াল উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টারে (DCRC) স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা আচমকা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য (Sensation) ছড়িয়েছে। রবিবার সকালে প্রায় ৩৫ মিনিট ক্যামেরা অচল (Out of order) থাকায় স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ০৫ মিনিট পর্যন্ত ডিডিসিআরসি-র নজরদারি ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।
ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সেখানে পৌঁছে যান ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। নজরদারি ব্যবস্থার এই ত্রুটি দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মহকুমা প্রশাসনের (Sub-division Administration) কাছে লিখিত অভিযোগ জানান। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, ভোটের এই স্পর্শকাতর সময়ে স্ট্রংরুমের নিরাপত্তায় কোনও ধরণের গাফিলতি (Negligence) মেনে নেওয়া হবে না। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত যান্ত্রিক ত্রুটি সারিয়ে নজরদারি ব্যবস্থা সচল করার পাশাপাশি বিকল্প বা ব্যাক আপ (Backup) ক্যামেরা দিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
প্রশাসনের তৎপরতায় যান্ত্রিক সমস্যা মেটার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন তৃণমূল সভাপতি। তবে তিনি সাফ জানিয়েছেন, দলীয় নির্দেশে স্ট্রংরুমের প্রতিটি মুহূর্তের গতিবিধির ওপর কড়া নজরদারি (Strict Vigilance) রাখা হচ্ছে। যান্ত্রিক গোলযোগের কারণে এই বিভ্রাট বলে প্রাথমিক ধারণা করা হলেও, ভোটের আবহে এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে স্থানীয় প্রশাসন।


