দেশের খবর
জঙ্গলের ভেতরে এনকাউন্টার! কোবরা বাহিনীর কামড়ে খতম ৪ মাওবাদী
ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ডের (Jharkhand) দুর্গম অরণ্যে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাতে চাতরা ও হাজারিবাগ জেলার সীমানায় খাপিয়ার জঙ্গলে কোবরা ব্যাটালিয়ন (CoBRA Battalion) ও জেলা পুলিশের যৌথ অভিযানে (Joint Operation) খতম হয়েছে চার মাওবাদী। এই গুলির লড়াইয়ে নিহত হয়েছে নিষিদ্ধ সংগঠন ‘টিএসপিসি’ (TSPC)-র শীর্ষ নেতা সহদেব মাহাতো, যার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা।
গোপন সূত্রে খবর ছিল, খাপিয়া কোটি ঝর্ণার কাছে ঘাঁটি গেড়েছে মাওবাদীদের এক সশস্ত্র দল (Armed Squad)। জওয়ানরা জঙ্গল ঘেরাও করলে মাওবাদীরা গুলি ছুড়তে শুরু করে। পালটা জবাব দেয় বাহিনীও। সংঘর্ষে (Encounter) সহদেব ছাড়াও প্রাণ হারিয়েছে তাঁর স্ত্রী নাতাশা, যে নিজে এক সাব-জোনাল কমান্ডার (Sub-Zonal Commander) হিসেবে সক্রিয় ছিল। এছাড়া জোনাল কমিটির সদস্য রঞ্জিত গানঝু এবং এরিয়া কমান্ডার বুধন কারমালিও এই অভিযানে খতম হয়েছে।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র (Advanced Weapons) ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। পুলিশ সূত্রের খবর, অন্ধকারের সুযোগ নিয়ে ডেরার বাকি সদস্যরা পালিয়ে গেলেও ড্রোন ক্যামেরার (Drone Camera) সাহায্যে চিরুনি তল্লাশি (Combing Operation) জারি রয়েছে। দীর্ঘদিনের ত্রাস সৃষ্টিকারী এই নেতাদের মৃত্যুতে ঝাড়খণ্ড পুলিশের গোয়েন্দা বিভাগ বড় জয় হিসেবে দেখছে।


