ভাইরাল খবর
লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! তৃণমূলের পাল্টা বিজেপির ইস্তাহারে বড় চমক, কবে প্রকাশ?
ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (Assembly Elections) বাংলার জনমত নিজেদের দিকে ঘোরাতে এবার অল-আউট ঝাঁপাতে চলেছে বিজেপি। আগামী ২০ মার্চ তৃণমূল কংগ্রেসের ‘দিদির ১০ প্রতিজ্ঞা’ প্রকাশের পর এবার পালটা ‘সঙ্কল্পপত্র’ (Manifesto) আনতে চলেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, আগামী ২৮ মার্চ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে এই নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলোর আদলেই নিজেদের রণকৌশল (Strategy) সাজিয়েছে বিজেপি। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পালটা হিসেবে বিজেপি আনতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, যেখানে মহিলাদের মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। একইভাবে ‘যুবসাথী’ প্রকল্পের অনুকরণে বেকার যুবকদের জন্য ৩০০০ টাকার ‘যুবশক্তি’ প্রকল্পের উল্লেখ থাকতে পারে। এছাড়াও ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর করা এবং বিলুপ্ত সরকারি পদগুলি ফিরিয়ে এনে দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি আগেই দিয়েছেন শাহ।
পরিকাঠামো উন্নয়নে (Infrastructure Development) বিজেপি উত্তর থেকে দক্ষিণবঙ্গকে যুক্ত করতে গতিশীল হাইওয়ে, বেহালা-বালুরঘাট বিমান পরিষেবা (Flight Services) এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণের আশ্বাস দিচ্ছে। ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামলে বাংলার অর্থনীতি চাঙ্গা করতে ভারী শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানকেই পাখির চোখ করছে তারা। বঙ্গ বিজেপির দাবি, প্রায় ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিককে (Migrant Workers) রাজ্যে ফিরিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তৃণমূলের ইস্তাহারকে ‘ভাঁওতা’ আখ্যা দিলেও, আদতে ‘বাংলার মেয়ে’র দেখানো জনকল্যাণমূলক পথেই বিজেপি কতটা সাফল্য পায়, তার উত্তর মিলবে আগামী ৪ মে।


