ভাইরাল খবর
ইডি অভিযানের প্রতিবাদে রাস্তায় তৃণমূল! যাদবপুর থেকে হাজরা, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ আই-প্যাক (I-PAC) ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি (ED) অভিযানের প্রতিবাদে শুক্রবার কলকাতায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দুপুর তিনটার কিছু আগে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়, যা টালিগঞ্জ, গড়িয়াহাট ও রাসবিহারী হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মিছিলের শুরুতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “রাস্তাই আমাদের পথ দেখাবে। যাদবপুরের মাটি আন্দোলনের মাটি। ইডি-বিজেপির (ED-BJP) চক্রান্ত বাংলা মানবে না।” তৃণমূলের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই আই-প্যাকের দফতরে তল্লাশি চালানো হয়েছে। দলনেত্রীর দাবি, আই-প্যাক শুধু রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা নয়, তৃণমূলের আইটি (IT) ও মিডিয়া ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলায়। ফলে এই অভিযানকে দলীয় কর্মকাণ্ডে সরাসরি হস্তক্ষেপ বলেই দেখছে শাসক দল।
উল্লেখ্য, বৃহস্পতিবার ইডি কলকাতায় আই-প্যাক সংক্রান্ত দুটি ঠিকানায় তল্লাশি চালায়। অভিযানের সময় মুখ্যমন্ত্রী নিজে সল্টলেকের আই-প্যাক অফিস ও প্রতীক জৈনের বাসভবনে যান। সেখানে তিনি অভিযোগ করেন, দলের অভ্যন্তরীণ নথি, হার্ড ডিস্ক (Hard Disk) ও নির্বাচনী কৌশল সংক্রান্ত ডিজিটাল তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা হয়েছে।
এই ঘটনায় ইডি কলকাতা পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানিয়ে হাইকোর্টে (High Court) যায় এবং প্রয়োজনে FIR দায়েরের দাবি তোলে। পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ ও মোবাইল (Laptop, Mobile) ফেরত দেওয়ারও আবেদন জানানো হয়েছে। বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।
