খুন
নামাজ শেষে মসজিদের মধ্যেই ভয়াবহ হামলা! মৃত্যু কংগ্রেসের সহ-সভাপতির
ডিজিটাল ডেস্কঃ মসজিদের মধ্যেই (Mosque) এলোপাথাড়ি ছুরির কোপে মৃত্যু হল মহারাষ্ট্রের বরিষ্ঠ কংগ্রেস নেতা হিদায়াতুল্লা প্যাটেলের। তিনি রাজ্য কংগ্রেসের (Congress) সহ-সভাপতি ছিলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ১টা ৩০ নাগাদ অকোলা (Akola) জেলার অকোট এলাকার মোহালা গ্রামের জামা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন হিদায়াতুল্লা। নামাজ শেষে মসজিদ থেকে বেরোনোর সময় আচমকাই এক দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। ঘাড় ও বুকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই হামলার একটি ভিডিও (Viral Video) ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে রক্তাক্ত অবস্থায় ৬৬ বছর বয়সি ওই নেতাকে মসজিদ থেকে বের করে আনার দৃশ্য দেখা যায়।
ঘটনার পর পুলিশ দ্রুত তদন্তে নেমে ২২ বছর বয়সি উবেদ খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার (Personal Enmity) জেরেই এই খুন। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, হিদায়াতুল্লা প্যাটেল ২০১৯ সালে অকোলা লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচন করেছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
