ভাইরাল খবর
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে দিল্লিতে ক্যান্টিন উদ্বোধন
ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে চালু হলো নতুন ‘অটল ক্যান্টিন’ (Atal Canteen), যা বাংলার ‘মা ক্যান্টিন’ (Maa Canteen)-এর আদলে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ১০২তম জন্মদিবসের সুবর্ণ উপলক্ষে এই উদ্যোগ নিল দিল্লি সরকার। ১০৪ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দে রাজধানীতে ১০০টি ক্যান্টিনের মাধ্যমে প্রতিদিন প্রায় এক লক্ষ মানুষ কম মূল্যে পুষ্টিকর খাবার পাবেন।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) জানিয়েছেন, প্রতিটি ক্যান্টিনে ভাত, ডাল, রুটি, সবজি ও আচার মিলবে মাত্র পাঁচ টাকায়। সরকার প্রতি থালার জন্য ২৫ টাকা ভর্তুকি দেবে। প্রতিটি প্লেটে ৬০০ গ্রাম খাবার থাকবে, যা ৭০০-৮০০ ক্যালোরি ও ২০-২৫ গ্রাম প্রোটিন সরবরাহ করবে। খাবার দেওয়া হবে দিনে দু’বার, সকাল ১১:৩০ থেকে দুপুর ২:০০ এবং সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯:০০ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। প্রতিটি ক্যান্টিনে ডিজিটাল টোকেন, সিসিটিভি ও নিয়মিত অডিটের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখা হবে। খাবারের মান যাচাই করবে FSSAI এবং NABL। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ১১টি সংস্থা ক্যান্টিন পরিচালনা করবে এবং ৭০০ জনের কর্মসংস্থান তৈরি হবে।
দিল্লির এই উদ্যোগ মূলত শ্রমিক, শিক্ষার্থী ও গরিব জনগণের জন্য। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, “ভোজনের মূল্য পাঁচ টাকা রাখা হয়েছে প্রতীকীভাবে, যাতে মান বজায় থাকে এবং খাবারের অপচয় না হয়।” এই প্রকল্প দেশের অন্যান্য রাজ্যেও পুষ্টিকর ও সাশ্রয়ী খাবারের উদাহরণ হয়ে উঠবে।


