দেশের খবর
সাংবাদিক বৈঠকে মহিলাদের না ডাকার অজুহাত, তালিবান মন্ত্রীর আজব যুক্তি
ডিজিটাল ডেস্কঃ সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার না দেওয়ার অভিযোগে চাপে পড়ে এবার ‘পদ্ধতিগত ত্রুটি’ (Procedural Error)-র যুক্তি খাড়া করলেন তালিবান (Taliban) বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi)। দিল্লিতে প্রথম সাংবাদিক সম্মেলনে কোনও মহিলাকে আমন্ত্রণ না জানানো নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তেই, এবার ‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা তালিবানের।
জানা গিয়েছে, রবিবার নির্ধারিত আগ্রা (Agra) সফর বাতিল করেন মুত্তাকি। তারপরই আরও এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে মহিলা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়। এই সম্মেলনে তালিবান মন্ত্রী দাবি করেন, আগের বৈঠকে মহিলাদের না থাকা ইচ্ছাকৃত ছিল না। বরং সেটিকে তিনি বলেন ‘পদ্ধতিগত ত্রুটি’। তবে এই শব্দবন্ধ দিয়ে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।
শুধু তাই নয়, নিজেকে ও তালিবান সরকারকে ‘উদার’ প্রমাণ করতে গিয়ে মুত্তাকি দাবি করেন—আফগানিস্তানে ২৮ লক্ষ মহিলা স্কুলে (School) যায়। তালিবান শাসনে মহিলাদের শিক্ষালাভ ‘হারাম’ (Haram) নয়।
তবে বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ। তাঁদের বক্তব্য, ভারতের রাজধানীতে দাঁড়িয়েও যখন নারী সাংবাদিকদের পাশে না দাঁড়িয়ে তালিবানের বৈষম্যমূলক নীতিকে নীরবে মেনে নেওয়া হল, তখন সরকারের মানসিকতাই প্রশ্নের মুখে। তাঁদের প্রশ্ন—“তালিবানি ভাবনার প্রতি কি সমর্থন রয়েছে মোদি সরকারের?”
এর জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই সাংবাদিক বৈঠকের সঙ্গে বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) কোনও সম্পর্ক নেই। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল মুম্বইয়ে অবস্থিত আফগান কনসাল জেনারেলের (Afghan Consul General) পক্ষ থেকে, যা ভারতের আওতাভুক্ত নয়।
উল্লেখ্য, আগের সাংবাদিক সম্মেলনটি আফগান দূতাবাসের (Afghan Embassy) চত্বরে অনুষ্ঠিত হয়েছিল, যা ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নয় বলেই দাবি মন্ত্রকের।
সুতরাং, একদিকে বৈষম্যমূলক আচরণ, অন্যদিকে অস্পষ্ট ‘পদ্ধতিগত ত্রুটি’র ব্যাখ্যা—সব মিলিয়ে তালিবান মন্ত্রীর এই সাংবাদিক সম্মেলন ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্নচিহ্ন।
