রাজনীতি
আজ ফের উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, হাসিমারায় রিভিউ মিটিং, ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারেন
ডিজিটাল ডেস্কঃ আজ রবিবার ফের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা বর্ষণে বিপর্যস্ত এই অঞ্চলের হাল ফেরাতেই তাঁর এই সফর। জানা যাচ্ছে, কলকাতা (Kolkata) থেকে সরাসরি বাগডোগরা (Bagdogra) হয়ে মুখ্যমন্ত্রী দুপুর ১টা নাগাদ পৌঁছবেন হাসিমারা (Hasimara) বায়ুসেনা ছাউনিতে (Air Force base)। এরপর আলিপুরদুয়ার (Alipurduar) জেলার নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং (Review Meeting) করার কথা রয়েছে তাঁর।
গত সপ্তাহের প্রবল বর্ষণে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্রিজ ভেঙেছে (Bridge collapsed), রাস্তা ধসে পড়েছে (Landslide), বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে। একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই ভয়াবহ পরিস্থিতি সরেজমিনে দেখতে ৮ অক্টোবর উত্তরবঙ্গ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে তুলে দিয়েছিলেন ক্ষতিপূরণও (Compensation)।
সেই সময়েই তিনি জানিয়ে দেন যে, আরও একবার উত্তরবঙ্গে ফিরবেন পরিস্থিতি খতিয়ে দেখতে। আজ সেই পূর্বঘোষণা মতোই মুখ্যমন্ত্রী ফের যাচ্ছেন হাসিমারা। মূলত রাস্তার মেরামত কতটা হয়েছে, উদ্ধার কাজ (Rescue Work) কতদূর এগিয়েছে, সেসব পর্যালোচনা করবেন তিনি।
সোমবার অর্থাৎ আগামীকাল মিরিক (Mirik) যাওয়ারও সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, পুজোর সময় যখন কলকাতায় কার্নিভাল (Carnival) চলছিল, তখনই শুরু হয়েছিল উত্তরবঙ্গের বন্যা। সেই সময় উত্তরবঙ্গে যেতে না পারায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। জবাবে তিনি বলেছিলেন, “একটা দুর্ঘটনা ঘটলে ৪৮ ঘণ্টা সময় দিতে হয় উদ্ধারের জন্য। তখন ভিআইপি (VIP) গেলে রেসকিউ (Rescue) থেমে যেত। কার্নিভাল বাংলার গর্ব। বিদেশি পর্যটক (Foreign Tourist) এসেছিল, সব ক্যানসেল (Cancel) করা সম্ভব নয়।”
আজকের সফরে হাসিমারা থেকে উদ্ধার ও পুনর্গঠনের কাজ কতদূর এগিয়েছে তা সরেজমিনে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ফের কোনও বন্যা বিধ্বস্ত এলাকায় যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
