তৃণমূলের নামে সিনেমার ক্রেডিট দাবি কুণালের, দেবকে নিশানায় এনে সরগরম টলিউড
Connect with us

বিনোদন

তৃণমূলের নামে সিনেমার ক্রেডিট দাবি কুণালের, দেবকে নিশানায় এনে সরগরম টলিউড

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর মরশুমে টলিউডের (Tollywood) চারটি বহুপ্রতীক্ষিত ছবি একসঙ্গে মুক্তি পেতে চলেছে—‘রক্তবীজ ২’, ‘যত কাণ্ড কলকাতাতেই’, ‘দেবী চৌধুরাণী’ ও ‘রঘু ডাকাত’। প্রেক্ষাগৃহ বণ্টন (Theatre Allocation) ও প্রদর্শন সময় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে টানাপোড়েন, তার মধ্যেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছেন, “টলিউডে চুক্তিভঙ্গের ইঙ্গিত মিলছে। পুজোর ছবিগুলিকে সমান সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দর্শকের সাড়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু খবর আসছে, প্রভাবশালী (Influential) একটি ছবি শুরু থেকেই একাধিক হলে (Multiplexes) বাড়তি শো পাচ্ছে।”

পরোক্ষভাবে আঙুল ওঠে ‘রঘু ডাকাত’ ছবির দিকে। কুণালকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, “আর কে? রঘু ডাকাত!” এখানেই থামেননি কুণাল, বরং অভিযোগের সুর চড়ান আরও, “যেভাবে তৃণমূল কংগ্রেসের (TMC) ঘাড়ে চড়ে ‘রঘু ডাকাত’-এর প্রমোশন চলছে, ছবিটার ক্রেডিট লাইনে তৃণমূলের নাম থাকা উচিত।”

বিগত কয়েক সপ্তাহে ‘রঘু ডাকাত’ ছবির প্রচার জেলা ধরে ধরে চলেছে। বিভিন্ন স্থানে দেখা গিয়েছে, এই প্রচারে তৃণমূলের স্থানীয় নেতাদের সক্রিয় ভূমিকা। অনেকেই মনে করছেন, দেব তৃণমূলের সাংসদ বলেই ছবিটি বাড়তি সুবিধা পাচ্ছে।

Advertisement
ads

কুণালের বক্তব্য, “আমার ব্যক্তিগতভাবে আপত্তি নেই, দলেরও ক্ষতি হচ্ছে না। কিন্তু ছবি কতটা হল পাবে, কতটা শো—তা নিয়ে যদি পক্ষপাত চলে, তা হলে তো প্রশ্ন উঠবেই। সুষ্ঠু প্রতিযোগিতা কোথায়? এত বৈঠকের মানে কী?”

সম্প্রতি নিজের ফেসবুকে (Facebook) একটি ছবি শেয়ার করেন কুণাল। তাতে অভিনেত্রী সোহিনীর গায়ে ‘রঘু ডাকাত’ লেখা টি-শার্ট (T-Shirt), মাথায় মুকুট। ছবির সঙ্গে কটাক্ষ করে তিনি লেখেন, “বাংলায় সন্তানের জন্ম দেওয়া না গেলেও নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। যুবনেতার আয়োজনে তার প্রমোশনে লম্ফঝম্ফ করা যায়। তাহলে বাকিটা নিশ্চয়ই আর সমস্যা হবে না।”

Advertisement
ads

এই মন্তব্যের পালটা দিতে হাজির হন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। কুণালের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, “হঠাৎ করে কুণাল দেবের বিরুদ্ধে কেন কথা বলছেন? কোন প্রোডাকশন হাউস (Production House) কুণালকে ব্যবহার করছে? ২০২৬ নির্বাচনের আগেই কি এটি তাঁর রাজনৈতিক কৌশল?”

কিন্তু কুণালও পালটা দিতে ছাড়েননি। নিজের ফেসবুকে পোস্ট করে কটাক্ষের সুরে লেখেন, “ওওওও রানাবাবু, একটা কথা আছে—পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনার গায়ে বাজল, তাই লাফাচ্ছেন। ছেলেমানুষ। চাঁদ টাইপের—দেখতে ভালো, কিন্তু অন্যের আলোয় আলোকিত।”

এই বিতর্কে আরও কে কী বলবেন, তা সময় বলবে। তবে ‘রঘু ডাকাত’-এর প্রচারের পিছনে রাজনৈতিক মদতের অভিযোগ ঘিরে টলিউড এখন বেশ উত্তপ্ত।

Advertisement
ads