দেশের খবর
ভারতে প্রথম টেসলা গাড়ি বিক্রি! কে কিনলেন এই বিলাসবহুল EV গাড়ি, কতই বা দাম এই মডেলের?
ডিজিটাল ডেস্কঃ ভারতে টেসলা (Tesla) অবশেষে তাদের প্রথম গাড়ি হস্তান্তর করল। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (Bandra Kurla Complex)–এ জুলাই মাসে চালু হওয়া বিলাসবহুল শোরুমের উদ্বোধনের পর মাত্র দু’মাসের মাথায় বিক্রি হলো প্রথম ‘মডেল ওয়াই’ (Model Y)। আর সেই প্রথম ক্রেতা হলেন মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী প্রতাপ সারনায়েক (Pratap Sarnaik)।
ভিডিওতে দেখা যায়, সাদা রঙের Tesla Model Y গাড়িটির পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এই মুহূর্তটি শুধু একটি গাড়ির ডেলিভারির মধ্যে সীমাবদ্ধ না থেকে ভারতের বৈদ্যুতিক গাড়ি (EV) বাজারের জন্য এক নতুন দিশা খুলে দিল বলে মত বিশেষজ্ঞদের।
ভারতের বাজারে টেসলা Model Y-র দাম শুরু হচ্ছে ₹৫৯.৮৯ লক্ষ থেকে (RWD ভেরিয়েন্ট)। লং রেঞ্জ AWD ভেরিয়েন্টের দাম প্রায় ₹৬৭.৮৯ লক্ষ (এক্স-শোরুম)। যদিও বিক্রি হওয়া গাড়িটি কোন ভেরিয়েন্ট, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
Tesla India সূত্রে খবর, ২০২৫ সালের মধ্যেই কোম্পানিটি ভারতে ৩৫০ থেকে ৫০০টি গাড়ি আমদানির পরিকল্পনা করেছে। প্রথম ব্যাচের গাড়িগুলি সেপ্টেম্বরের প্রথম দিকে সাংহাই (Shanghai) থেকে পৌঁছাবে।
Model Y-তে থাকছে ১৫.৪ ইঞ্চির বিশাল টাচস্ক্রিন, ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট ডুয়াল টোন কেবিন, ওয়্যারলেস চার্জার, USB-C পোর্ট, ভয়েস কমান্ড ও ইন্টারনেট কানেক্টিভিটির সুবিধা। এই গাড়ির আরও একটি বিশেষত্ব হলো—উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা ভারতীয় রাস্তার জন্য বেশ উপযোগী।
গাড়িটির কনফিগারেশন সরল হলেও, অতিরিক্ত ফিচারের জন্য দাম কিছুটা চড়া। ছয়টি রঙে পাওয়া যাচ্ছে Model Y—যার মধ্যে শুধুমাত্র ধূসর (Dark Grey) রঙটি বিনামূল্যে। অন্য রঙগুলোর জন্য অতিরিক্ত ₹১ থেকে ₹২ লক্ষ পর্যন্ত গুণতে হবে। পুরো সাদা লেদার ইন্টিরিয়র বেছে নিলে আরও ₹৯৫,০০০ খরচ।
এভাবেই ধীরে ধীরে ভারতীয় বাজারে পা শক্ত করছে টেসলা, আর প্রথম ডেলিভারির সঙ্গেই EV মার্কেটে জোরদার বার্তা দিল তারা।


