উত্তর দিনাজপুর
পুত্রবধূ-ছেলের দখলদারির অভিযোগ, আদালতের নির্দেশে রায়গঞ্জে দম্পতির ঘরে ফেরা
Digital Desk: এক বছর পর আদালতের নির্দেশে রায়গঞ্জে বৃদ্ধ দম্পতি অবশেষে তাদের বাড়িতে ফিরেছেন। অখিল মজুমদার (Akhil Majumdar, ৭০) ও তাঁর স্ত্রী সুস্মিতা মজুমদার (Sushmita Majumdar, ৬৩) দীর্ঘ সময় ধরে তাদের বড় ছেলে শঙ্কর মজুমদার (Shankar Majumdar) এবং পুত্রবধূ আসপিয়া খাতুন মজুমদার (Aspia Khatun Majumdar) দ্বারা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উকিলপাড়ার সোয়া তিন কাটা জায়গার উপর থাকা বসতবাড়িটি হাতানোর জন্য বড় ছেলে ও পুত্রবধূ চেষ্টা করছিলেন। অখিল মজুমদার রাজি না হওয়ায় শুরু হয় অভিযুক্তদের চাপ এবং মিথ্যা অভিযোগ। ২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর তিনি কলকাতা হাইকোর্টে সিনিয়র সিটিজেনশিপ মামলা দায়ের করেন। ২০২৫ সালের ৩০শে জুলাই আদালত বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ফেরার নির্দেশ দেন। কিন্তু অভিযুক্তরা তা মানেননি।
এরপর ৬ই আগস্ট পুলিশ আদালতে অসহযোগিতার রিপোর্ট পেশ করে। আদালত ১৮ই আগস্ট ২৫শে আগস্টের মধ্যে পুলিশকে বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ঢুকানোর নির্দেশ দেন। মঙ্গলবার রায়গঞ্জ থানার পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বাড়িতে ঢুকিয়ে দেন এবং অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দেন। তালা ভেঙে অখিল বাবু নিজের ঘরে প্রবেশ করেন।
অভিযুক্ত ছেলে শঙ্কর মজুমদার অভিযোগের জবাবে দাবি করেছেন, তিনি তার বাবার কথামতো পুরো সঞ্চয় বাড়ি তৈরীর কাজে ব্যয় করেছেন এবং তাই বাড়িতে থাকার অধিকার তাঁর আছে। এ ঘটনায় রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ উপস্থিত থেকে এ মুহূর্তের সাক্ষী হন।
বৃদ্ধ দম্পতির দীর্ঘ লড়াই এবং আদালতের চূড়ান্ত নির্দেশে তাদের বাড়িতে পুনরায় অধিকার ফিরে পাওয়া সামাজিক ও মানবিক দিক থেকে গুরুত্ব বহন করছে।


