বুধবার ‘ভাষা আন্দোলন’ কর্মসূচির অঙ্গ হিসেবে ঝাড়গ্রামে পদযাত্রায় অংশ নেন মমতা। তারপর পাঁচমাথার মোড়ে আয়োজিত সভা থেকে তিনি বলেন, “এসআইআরের (SIR) নাম করে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা এনআরসি করারই চালাকি। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। অনেকে আতঙ্কে আত্মহত্যা করছেন। কিন্তু আমি সকলকে বলছি— কেউ ভয় পাবেন না। বাংলায় এনআরসি হতে দেব না।”
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে সাত আসনে জয়ের লক্ষ্যে অভিষেক, তৃণমূলের রণনীতি চূড়ান্ত করার উদ্যোগ
এরপরই তিনি বলেন, “অমিত শাহ আগে তাঁর জন্ম শংসাপত্র দেখান। যাঁরা বাঙালিদের হেনস্থা করছে, তাঁদের মুখোশ খুলে যাবে। যদি আসল ভোটারের নাম বাদ যায়, তাহলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে।”
অসম সরকারের ভূমিকা নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, “অসম সরকার কোন আইনে বাংলার মানুষকে নোটিস পাঠাচ্ছে?” একই সঙ্গে নির্বাচন কমিশনকেও (Election Commission) কাঠগড়ায় তুলে তিনি বলেন, “কমিশন বিজেপির কথা শুনে কাজ করছে। এটা চলবে না।”
তাঁর হুঁশিয়ারি, “আমি বাংলার মানুষের পাশে আছি। কারও সঙ্গে অন্যায় হতে দেব না। আমি না চাইলে কেউ আমায় হারাতে পারবে না।” তিনি আরও দাবি করেন, “যাঁরা বিজেপিকে সমর্থন করেন, তাঁরাও আমাদেরই ভোট দেবেন, কারণ তাঁদেরও রুটি-কাপড়-মাকান দরকার।”
সব মিলিয়ে এনআরসি-সহ নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার তীব্র অবস্থান নিলেন তৃণমূল সুপ্রিমো।