দুর্ঘটনা
ত্রাণশিবিরে নিজে হাতে খিচুড়ি পরিবেশন, প্লাবনে বিপর্যস্তদের পাশে মুখ্যমন্ত্রী মমতা
ডিজিটাল ডেস্কঃ প্লাবনে বিপর্যস্ত হুগলি, পশ্চিম মেদিনীপুর—রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ যখন অসহায় অবস্থায়, ঠিক তখনই নিজে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে হুগলির আরামবাগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান তিনি। কামারপুকুরের ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নিজ হাতে তাঁদের পাতে খিচুড়ি পরিবেশন করতেও দেখা যায় তাঁকে। এই মানবিক ছবি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আপ্লুত স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, “এই দুর্যোগে দিদি আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই সবথেকে বড় ভরসা।” মুখ্যমন্ত্রীও তাঁদের আশ্বস্ত করেন, রাজ্য সরকার সবরকম সাহায্য করবে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বন্যা মোকাবিলায় একাধিক পদক্ষেপের নির্দেশ দেন তিনি।
আরও পড়ুনঃ জেলা কমিটি নিয়ে রাতভর বৈঠক, বিজেপির ‘গোপন রণনীতি’ সামনে আসতে পারে শিগগিরই!
এই প্লাবনের জন্য DVC (Damodar Valley Corporation)-এর আচমকা জলছাড়া ও বর্ষার অতিবৃষ্টিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ঘাটাল, চন্দ্রকোণা, আরামবাগের বিস্তীর্ণ অংশ জলের নিচে। হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই পরিস্থিতিতে তাঁদের মনোবল জোগাতে স্বয়ং মুখ্যমন্ত্রীর মাঠে নামা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, আরামবাগ সফর সেরে এদিনই মুখ্যমন্ত্রী পাড়ি দেবেন ঘাটাল (Ghatal)-এর দিকে। যেখানে দীর্ঘদিন ধরেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের দাবি জোরদার। কেন্দ্রের দীর্ঘ অনীহার পর রাজ্য সরকার নিজেই সেই প্রকল্প রূপায়ণে এগিয়ে এসেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
এই বিপর্যয়ের মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই ভূমিকা ফের একবার তাঁর ‘People’s Leader’ ইমেজকে দৃঢ় করল বলেই মনে করছেন অনেকে।
