বিশ্বের খবর
“গোটা গাজা দখল করো, নয়তো পদত্যাগ করো”! সেনাকে গাজা দখলের চূড়ান্ত নির্দেশ দিলেন নেতানিয়াহু
ডিজিটাল ডেস্কঃ গাজা যুদ্ধে হামাসের উপর সর্বাত্মক চাপ বাড়াতে এবার আরও কঠোর অবস্থান নিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। সামরিক প্রধানদের সাফ নির্দেশ দিয়েছেন— “গোটা গাজা দখল করো, নতুবা পদত্যাগ করো।” দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইজরায়েল-হামাস সংঘাত নতুন মোড় নিচ্ছে প্রধানমন্ত্রীর এই স্পষ্ট বার্তায়।
ইতিমধ্যে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF) গাজার প্রায় ৭৫ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, অবশিষ্ট ২৫ শতাংশ অঞ্চলেই লুকিয়ে রয়েছে একাধিক পণবন্দি। সেই পটভূমিতেই এবার গোটা গাজা দখলের চূড়ান্ত কৌশল নিতে চলেছে সেনা, যার দায়িত্ব দিয়েছে সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়।
আরও পড়ুনঃ ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মোদিকে অভিবাদন, এনডিএ বৈঠকে উঠল পাকিস্তান প্রসঙ্গও
এই নির্দেশের সময়টিও তাৎপর্যপূর্ণ। সম্প্রতি হামাস প্রকাশ্যে এনেছে এক ইজরায়েলি পণবন্দির ভিডিও। সেখানে একটি টানেলের ভিতরে এক অর্ধনগ্ন, কঙ্কালসার যুবক— ডেভিড (David)—কে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি বলছেন, “আমি যা করছি, তা আসলে নিজের কবর নিজেই খুঁড়ছি।” ভিডিওটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পণবন্দিদের দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন।
ডেভিডের পরিবার এই ভিডিওকে ‘হামাসের চক্রান্ত’ বলে দাবি করলেও, জনমনে ক্ষোভ বাড়ছে ইজরায়েল সরকারের বিরুদ্ধে। নেতানিয়াহু অবশ্য এ ব্যাপারে এক টিভি সাক্ষাৎকারে বলেন, “হামাস এভাবে আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমরা ভাঙব না।”
গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে গাজার উপর সামরিক অভিযান আরও জোরালো হবে বলেই আন্তর্জাতিক মহলের ধারণা। নেতানিয়াহুর এই কড়া বার্তার পর ফের রক্তাক্ত হতে চলেছে গাজার আকাশ।
