রাজনীতি
মুর্শিদাবাদে পর্যটন পরিক্রমা গড়ে তোলার দাবি লোকসভায়, কেন্দ্রের আশ্বাস
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদে পর্যটন পরিক্রমা (Tourism Circuit) গড়ে তোলার বিষয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে লোকসভায়। আজ সংসদে পশ্চিমবঙ্গের সাংসদ মোঃ আবু তাহের খান এই বিষয়ে প্রশ্ন তোলেন। তার উত্তরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, পর্যটন কেন্দ্র এবং পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব মূলত রাজ্য সরকার বা সংশ্লিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের ওপর। তবে কেন্দ্র পর্যটন মন্ত্রকের ‘স্বদেশ দর্শন’ এবং ‘প্রসাদ’ প্রকল্পের মাধ্যমে রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দিয়ে থাকে।
মন্ত্রী বলেন, কোনও প্রকল্প অনুমোদনের আগে তার গুণগত মান, প্রকল্প নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য এবং অর্থের প্রাপ্যতা বিবেচনা করা হয়। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই দুটি প্রকল্প এই দুটি প্রকল্পের আওতায় অনুমোদিত হয়েছে বলেও জানান তিনি।
স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে ২০১৫-১৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল — উদয়পুর, দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, বকখালি ও হেনরি আইল্যান্ড — জুড়ে ‘বীচ সার্কিট’ গড়ে তোলার জন্য ₹৬৭.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের রোদে সভায় বিপর্যয়, হাসপাতালে তৃণমূলের চার নেতানেত্রী
অন্যদিকে, প্রসাদ প্রকল্পের অধীনে ২০১৬-১৭ অর্থবর্ষে বেলুড় মঠের উন্নয়নের জন্য ₹৩০.০৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, পর্যটন কেন্দ্রগুলির সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কেন্দ্র নিয়মিতভাবে অন্যান্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলে, যাতে শেষ মাইল সংযোগ (last-mile connectivity) এবং পরিকাঠামোর সামগ্রিক সমন্বয় নিশ্চিত করা যায়।
তবে মুর্শিদাবাদের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলার জন্য আলাদা পর্যটন পরিক্রমা গড়ে তোলার বিষয়টি এখনও বিবেচনার পর্যায়েই রয়েছে বলে মন্ত্রকের সূত্রে জানা গেছে। পর্যবেক্ষকদের মতে, মুর্শিদাবাদের প্রাচীন ঐতিহ্য, নবাবি স্থাপত্য এবং ইতিহাসকে সামনে রেখে একটি পর্যটন পরিক্রমা গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। এবার সেই দাবি সংসদে উঠে আসায় আশা জেগেছে জেলার বাসিন্দাদের মধ্যে।
