আত্মহত্যা
ফুল ‘চুরি’র অপবাদে কান ধরে ওঠবস, পরদিনই মহিলার ঝুলন্ত দেহ! অভিযোগের তির সিভিক ভলান্টিয়ারের দিকে
ডিজিটাল ডেস্কঃ নদিয়ার শান্তিপুর (Shantipur) থানার অন্তর্গত নৃসিংহপুর মধ্য কলোনি (Nrisinghpur Madhya Colony) এলাকায় পঞ্চাশোর্ধ এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, এলাকার এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে পুজোর ফুল তুলতে গিয়ে ‘চোর’ অপবাদে চরম অপমানের শিকার হন তিনি। বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই মহিলা শনিবার সকালে নিজের ঘরেই আত্মঘাতী হন বলে দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতা শুক্রবার ভোরে ফুল তুলতে গিয়েছিলেন এলাকার সিভিক ভলান্টিয়ার মিলন করাতির (Milon Karati) বাড়িতে। সেখানেই তাঁকে ‘চুরি’র অভিযোগে কান ধরে ওঠবস করানো হয় বলে দাবি। ঘটনার পরে বাড়ি ফিরে সম্পূর্ণ চুপ হয়ে যান তিনি, কাউকে কিছু বলতে চাননি। পরের দিন সকালে পরিবারের লোকজন তাঁকে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ফের মহিলা নির্যাতনে তৃণমূল নেতা! ভাইরাল ভিডিয়ো ঘিরে অস্বস্তিতে শাসক দল
মৃতার মেয়ে জানান, “মা ফুল তুলতে গিয়েছিল, ওরা বলল চুরি করতে এসেছে। তারপর চড়-থাপ্পড় মেরে মাকে কান ধরে উঠবস করায়। বাড়ি ফিরে মা চুপ হয়ে যায়। পরে মিলন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আমাদের বাড়িতেও আসে, ভয় দেখায়। মা এতটাই আতঙ্কিত ছিল, যে ঘর থেকে বের হতেই চাইছিল না। আজ সকালে মাকে ঝুলতে দেখি।”
মৃতার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় সিভিক ভলান্টিয়ার মিলন করাতি ও তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্তদের দাবি, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি, তাঁদের মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে।
এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর মেলেনি। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শান্তিপুর থানা।
