ডিজিটাল ডেস্কঃ বন্ধুকে সাহায্য করতে গিয়ে নিজের বাবাকেই হারাতে হল! কিস্তিতে মোবাইল কিনে দেওয়ার মাস কয়েক পরও টাকা ফেরত না পেয়ে বন্ধুর কাছে তাগাদা দিতে গিয়েছিলেন মুর্শিদাবাদের ফরাক্কার (Farakka) এক যুবক। অভিযোগ, সেই ঘটনাতেই চরমে ওঠে সংঘাত। রড, লাঠি, হাঁসুয়া নিয়ে বন্ধুর বাড়িতে হামলা চালায় অভিযুক্ত রেহেসান আলি (Rehesan Ali) ও তার পরিবারের লোকজন। ছেলেকে বাঁচাতে এসে হামলার মুখে পড়ে মৃত্যু হয় আসগর শেখ (Asgar Sheikh)-এর। শুক্রবার সন্ধ্যায় ফরাক্কার আছুয়া গ্রামে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, প্রায় ছ’মাস আগে রেহেসান আলির আবদারে নিজের নামে একটি স্মার্টফোন কিস্তিতে কিনে দেন আসগরের ছেলে। এরপর থেকে রেহেসান ফোন ব্যবহার করলেও কিস্তির টাকা দিচ্ছিল না। একাধিকবার তাগাদা দেওয়ার পর শুক্রবার ফের জুলাই মাসের কিস্তির কথা মনে করাতে গেলে রেহেসান বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ, রেহেসান ও তার পরিবারের লোকজন লাঠি, রড, এমনকি ধারাল হাঁসুয়া নিয়ে ছুটে আসে আসগরের বাড়িতে।
আরও পড়ুনঃ ফুল ‘চুরি’র অপবাদে কান ধরে ওঠবস, পরদিনই মহিলার ঝুলন্ত দেহ! অভিযোগের তির সিভিক ভলান্টিয়ারের দিকে
চোখের সামনে ছেলেকে মার খেতে দেখে রুখে দাঁড়াতে যান আসগর শেখ। কিন্তু উলটে হামলাকারীদের রোষে পড়ে প্রাণ হারান তিনি। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত হন আরও তিনজন, যাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফরাক্কা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্ত রেহেসান আলি ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।