দেশের খবর
মালদ্বীপে মোদীকে প্রধান অতিথি! চিন ঘেঁষা নীতি থেকে সরে ভারতমুখী মইজ্জু
ডিজিটাল ডেস্কঃ দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বদলেছে বাতাসের রূপরেখা। এক সময় ভারত-বিরোধী অবস্থানে থাকা রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু (Mohamed Muizzu) এখন ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতির পথে। সেই প্রয়াসেই আগামী ২৬ জুলাই, মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসে (Maldives 60th Independence Day) প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। এবং সেই আমন্ত্রণ গ্রহণ করেই মোদীর সে দেশের সফর কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে কূটনৈতিক মহলে।
গত বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতবিরোধী অবস্থান থেকে শুরু করেছিলেন মইজ্জু। দেশের মাটি থেকে ভারতীয় সেনা সরিয়ে দেওয়ার পাশাপাশি, বন্দর ও বাণিজ্যে ভারতকে ঠেকাতে কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তার জেরেই শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন। ভারতীয় পর্যটক না যাওয়ায় মুখ থুবড়ে পড়ে মালদ্বীপের পর্যটন শিল্প। চিন থেকে ধার নেওয়া বিপুল ঋণের বোঝা সামলাতেও হিমশিম খেতে হয় মইজ্জুর প্রশাসনকে।
আরও পড়ুনঃসন্তানের পর এবার পিতার প্রাণ গেল! গুলিতে নিহত খ্যাতনামা ব্যবসায়ী ও বিজেপি নেতা
এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতির প্রক্রিয়ায় এগোন মইজ্জু। সফর করে আসেন দিল্লিতে, দেন আর্থিক সাহায্যের আবেদন। মোদীর প্রশংসায় সরব হন এবং ভারত-বিরোধী মন্তব্যকারী দুই মন্ত্রীকেও ছাঁটাই করেন।
বিশেষজ্ঞদের মতে, চিনের ঋণে জর্জরিত শ্রীলঙ্কার ধস দেখে শিক্ষা নিয়েই এ বার মালদ্বীপ সম্পর্ক জোড়দার করতে চাইছে ভারতের সঙ্গে। এই কূটনৈতিক বার্তা শুধু মালদ্বীপ নয়, বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার ও চিনঘেঁষা নীতির দিকেও সতর্ক সংকেত বলেই মনে করছে কূটনৈতিক মহল।
