ফের বাড়ছে করোনা সংক্রমণ! দেশে সক্রিয় আক্রান্ত ৬,৪৯১
Connect with us

করোনাভাইরাস

ফের বাড়ছে করোনা সংক্রমণ! দেশে সক্রিয় আক্রান্ত ৬,৪৯১

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে ফের বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৬,৪৯১। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

সর্বাধিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেরালা (Kerala) ও গুজরাট (Gujarat)। কেরালায় এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১,৯৫৭, যা দেশের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ। অন্যদিকে, গুজরাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৮ জনের সংক্রমণ ধরা পড়েছে, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সর্বাধিক। এই দুই রাজ্যের পরিস্থিতি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাই পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুনঃ স্ত্রীর গয়না বিক্রি করে তৃণমূল নেতাকে টাকা! বিস্ফোরক অভিযোগ প্রবাসী বৃদ্ধের

এদিকে, মহারাষ্ট্র (Maharashtra), দিল্লি (Delhi), কর্নাটক (Karnataka) এবং পশ্চিমবঙ্গেও (West Bengal) সক্রিয় সংক্রমণ রয়েছে। মহারাষ্ট্রে বর্তমানে ৬০৭ জন, দিল্লিতে ৭২৮ জন, কর্নাটকে ৪২৩ জন এবং পশ্চিমবঙ্গে ৭৪৭ জন কোভিড আক্রান্ত রয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই রাজ্যগুলিতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
ads

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সম্প্রতি XFG ভ্যারিয়েন্ট-সহ (XFG Variant) বেশ কয়েকটি নতুন কোভিড স্ট্রেনের কারণেই দেশে সংক্রমণ ফের বাড়ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, তামিলনাড়ু (Tamil Nadu), কেরালা এবং গুজরাটে ১৬৩টি XFG ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি রাজ্যগুলিকে প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি না থাকলেও, কোভিড বিধি কঠোরভাবে মানা জরুরি। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং ব্যক্তিগত সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্ত রুখতে এখন সকলেরই দায়িত্ব সচেতন থাকা।