ডিজিটাল ডেস্কঃ দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant), স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swaroop Nigam) সহ রাজ্যের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকরা।
বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “করোনা (Corona) ফের মাথাচাড়া দিচ্ছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এটা এখনও প্যান্ডেমিক (Pandemic) নয়। তবুও সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাঁরা কোমর্বিড রোগী, তাঁদের চিকিৎসার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।”
আরও পড়ুনঃ ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেয়ার ফাঁদে ধরা পড়ল আইএএস অফিসার
মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, “রাজ্য সরকারের সমস্ত হাসপাতালেই পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা ও অক্সিজেনের মজুত রয়েছে। সংক্রমণ বাড়লেও মোকাবিলার জন্য রাজ্য প্রস্তুত। কেউ অসুস্থ হলে বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন।”
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বে ফের বাড়ছে করোনা সংক্রমণ। ভারতের ছবিটাও উদ্বেগজনক। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি বিবেচনায় কেন্দ্র ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। এবার রাজ্য সরকারও করোনা রুখতে নড়েচড়ে বসেছে।