দুর্ঘটনা
সমুদ্রে বড়সড় দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
ডিজিটাল ডেস্ক: ছুটি কাটাতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। রবিবার স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায় (Arpita Ganguly)-কে সঙ্গে নিয়ে ওডিশার পুরীতে ঘুরতে গিয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। কিন্তু সেখানে স্পিডবোটে (Speed Boat) সমুদ্র ভ্রমণের সময় আচমকাই ঘটে দুর্ঘটনা।
জানা গিয়েছে, একদল পর্যটকের সঙ্গে স্নেহাশিস ও তাঁর স্ত্রী একটি স্পিডবোটে চড়েন। মাঝসমুদ্রে পৌঁছতেই হঠাৎই বোটটি উল্টে যায়। জলের তোড়ে সবাই পড়ে যান উত্তাল সমুদ্রে। তবে সৌভাগ্যবশত কাছেই উপস্থিত ছিলেন লাইফগার্ডরা। দ্রুত তৎপরতায় তাঁরা উদ্ধার করেন বোটে থাকা সবাইকে। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান সিএবি সভাপতি ও তাঁর স্ত্রী।
আরও পড়ুনঃ স্বাস্থ্য ভবনে বিস্ফোরণের হুমকি, ইমেলে এল আইইডি-র ভয় ধরানো বার্তা
এই ঘটনার জন্য সরাসরি বোটচালককে দায়ী করেছেন অর্পিতা গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘‘বোটটি ছিল বেশ হালকা। মাত্র তিন-চারজন যাত্রীকে নিয়েই ছাড়া হয়েছিল বোটটি। সমুদ্র ছিল যথেষ্ট উত্তাল। আমরাও সাবধান করেছিলাম, কিন্তু চালক আমাদের আশ্বস্ত করে বোট চালিয়ে দেয়।’’ তিনি আরও বলেন, ‘‘হঠাৎই একটি বড় ঢেউ এসে ধাক্কা দেয়, সেখান থেকেই শুরু হয় বিপত্তি। লাইফগার্ডরা না থাকলে হয়তো আমরা প্রাণে বাঁচতাম না।’’
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, একটি উল্টো হয়ে যাওয়া স্পিডবোট সমুদ্রে ভেসে রয়েছে, আর চারপাশে জলে উদ্ধারকাজ চালাচ্ছেন লাইফগার্ডরা।
এই অভিজ্ঞতায় আতঙ্কিত অর্পিতা জানিয়েছেন, কলকাতায় ফিরে এ ধরনের বিপজ্জনক জলক্রীড়া বন্ধের দাবি জানাবেন। তাঁর কথায়, ‘‘এটা পর্যটকদের জীবনের সঙ্গে খেলা। মুখ্যমন্ত্রী এবং ওড়িশার পুলিশ সুপারকে আমি চিঠি লিখব যাতে এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা হয়।’’
প্রসঙ্গত, এখনো পর্যন্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর এই ভয়াবহ অভিজ্ঞতা নতুন করে প্রশ্ন তুলে দিল সমুদ্র পর্যটনে নিরাপত্তার মানদণ্ড নিয়ে।
