ডিজিটাল ডেস্কঃ টোকিও সফরে গিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের দ্বিচারিতার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভারতীয় সংসদের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি এখন জাপানে অবস্থান করছেন। টোকিওতে ভারতীয় দূতাবাসে আয়োজিত এক বৈঠকে অভিষেক বলেন, “সন্ত্রাস যদি পাগলা কুকুর হয়, তবে পাকিস্তানই তাকে আশ্রয় দিচ্ছে। এখন সময় এসেছে, বিশ্ব একজোট হয়ে সেই আশ্রয়দাতাকে রুখে দেয়। নইলে এই পাগলা কুকুর আরও ভয়ানক রূপ নেবে।”
এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন যে, পাকিস্তানকে আর আন্তর্জাতিক স্তরে ছাড় দেওয়া চলবে না। তিনি জানান, “ভারত কখনও মাথা নত করে না। আমরা ভয় পাই না। পাকিস্তানকে তার ভাষাতেই জবাব দিতে হবে।” অভিষেক আরও বলেন, ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থান এবং অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর সাফল্য গোটা বিশ্বের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, ৭টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল গঠন করেছে ভারত সরকার, যারা বিশ্বের ৩৩টি দেশে সফর করবে। এই প্রতিনিধি দলগুলি পহেলগাঁও (Pahalgam) হামলার প্রেক্ষিতে ভারতের অবস্থান তুলে ধরবে। জেডিইউ নেতা সঞ্জয় ঝা (Sanjay Jha)-র নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে জাপানে রয়েছে।
জাপানে পৌঁছে অভিষেকরা প্রথমে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর তাঁরা টোকিওতে ভারতের দূতাবাসে জাপানের নিরাপত্তা বিষয়ক পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডো (Takashi Endo)-র সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকাশি জানান, জাপান ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থানের পাশে থাকবে।
পরে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়া (Takeshi Iwaya)। দুই দেশের কৌশলগত সম্পর্ক মজবুত করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জাপানের নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও এই প্রতিনিধি দল বৈঠক করেছে।
জাপান সফর শেষ করে অভিষেকরা পরবর্তী পর্যায়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া সফরে যাবেন। প্রতিটি দেশে ভারতের পক্ষ থেকে পহেলগাঁও হামলা, সীমান্তে পাকিস্তানের ভূমিকা এবং অপারেশন সিঁদুরের সফলতা তুলে ধরা হবে আন্তর্জাতিক মহলের সামনে।