দুর্ঘটনা
বহুতলে আগুনে পুড়ছে এসি-সহ একাধিক অংশ, দ্রুত ছড়াচ্ছে লেলিহান শিখা
ডিজিটাল ডেস্কঃ বেকবাগানের একটি বহুতল ভবনে শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে একটি অফিসের একাংশ। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা।
ঘটনাস্থলে দমকলের অন্তত পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দমকল সূত্রে খবর, বহুতলের বেশ কয়েকটি এসি মেশিনের আউটডোর ইউনিট বিস্ফোরিত হয়ে নিচে পড়ে গিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখনো ভবনের ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা নিশ্চিত করা যায়নি।
দমকল বাহিনী ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বাইরে থেকেও ফ্লাইওভারের উপর দিয়ে জল ছেটাচ্ছে। ঘটনাস্থলে আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, ভবনের নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে প্রশাসন। তবে দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। আহত বা হতাহতের কোনও খবর এই রিপোর্ট লেখা পর্যন্ত মেলেনি।
