হামলা
পাকিস্তানের মিথ্যা প্রচার ফাঁস করল ভারত, ড্রোন হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত সেনা
ডিজিটাল ডেস্ক: সীমান্তে উত্তেজনা অব্যাহত। ফের একবার ভারতীয় ভূখণ্ডে হামলার চেষ্টা চালাল পাকিস্তান সেনা (Pakistan Army)। শুক্রবার রাতভর ভারতের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের পাঠানো ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব ও গুজরাট পর্যন্ত প্রায় ২৬টি জায়গায় আঘাত হানে পাকিস্তানি ড্রোন (India Pakistan Tension)। তবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের (Air Defence System) তৎপরতায় অধিকাংশ হামলাই প্রতিহত হয়।
পাঞ্জাবের ফিরোজপুরে ড্রোন বিস্ফোরণে তিনজন আহত হন। এই পরিস্থিতিতে রাতেই জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) এবং তিন বাহিনীর প্রধানরা। ওই বৈঠকের পর পাকিস্তানের তরফে অপপ্রচার শুরু হয়— তারা নাকি ভারতের তিনটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে, এমনকি এস-৪০০ সিস্টেমও (S-400 System) নষ্ট করেছে!
আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’-এর পোস্টার মুক্তি নিয়েই তোপের মুখে বলিউড নির্মাতারা
এই ভুয়ো দাবির জবাবে শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে মুখ খুলল ভারতের বিদেশমন্ত্রক ও প্রতিরক্ষা বাহিনী। বিদেশসচিব বিক্রম মিসরি (Vikram Misri), কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sophia Qureshi) এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং (Wing Commander Vyomika Singh) যৌথভাবে জানিয়ে দেন, পাকিস্তানের সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় সেনাঘাঁটির যেকোনও ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করে ভিডিও ফুটেজ সহ প্রমাণ পেশ করা হয় সাংবাদিকদের সামনে।
বিক্রম মিসরি বলেন, “পাকিস্তান স্পষ্টতই মিথ্যে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে চাইছে। ওরা বলছে আমাদের বিমানঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, অথচ বাস্তবে সবকিছু অক্ষত। এমনকি তারা বলছে আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে। এও একেবারে মিথ্যা।” তিনি যোগ করেন, “কোন দেশ আফগানিস্তানে বারবার আক্রমণ করেছে, তা সেখানকার মানুষ ভালো করেই জানে।”
এদিন ভোরে আবারও জম্মু ও কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, আখনুর ও উধমপুর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়, পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরির ওয়াডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার (Rajkumar Thapar) বাড়িতে একটি শেল এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)।
সবমিলিয়ে পাকিস্তানের একের পর এক আগ্রাসী পদক্ষেপ ও মিথ্যে প্রচারে চরম অসন্তুষ্ট ভারত। পাল্টা জবাব দিতে সেনা প্রস্তুত বলেই জানানো হয়েছে প্রতিরক্ষা দফতরের তরফে।
