প্রতারণা
সেনা ক্যাম্পে ঢোকার অভিযোগে আফগান যুবক গ্রেপ্তার, তদন্ত শুরু
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁও হামলার পর যখন উত্তরের ‘চিকেনস নেক’ অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে, সেই আবহেই শিলিগুড়ির মাটিগাড়া থানার খাপরাইল মোড়ে ভারতীয় সেনার ৩৩ কর্পস ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগ উঠল এক আফগান নাগরিকের বিরুদ্ধে। শনিবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আসিয়া খান (Asiya Khan)। জন্মসূত্রে আফগানিস্তানের বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন। আগে অসমের চিরাং জেলায় থাকতেন এবং সেখানে সুদের ব্যবসা করতেন বলেও জানা গেছে। সম্প্রতি মাটিগাড়া মেডিকেল মোড়ে ঘর ভাড়া নিয়ে ফের একই রকম ব্যবসা শুরু করেন।
আরও পড়ুনঃ জেলে ‘জঙ্গি’র মতো আচরণ, এখন ধর্ষণের অভিযোগ—চাপে পাক প্রশাসন
শনিবার সকালে সেনা ক্যাম্পের প্রবেশপথের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাঁকে আটক করে কর্তব্যরত জওয়ানরা। পরে তাঁকে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিয়া দাবি করেন, তাঁর এক গ্রাহকের কাছ থেকে সুদের টাকা আদায়ের উদ্দেশ্যেই তিনি সেনা ছাউনির ভেতরে ঢুকতে চেয়েছিলেন। তবে এই বক্তব্যকে সন্দেহের চোখেই দেখছে পুলিশ, বিশেষ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে।
তদন্তকারী আধিকারিকদের দাবি, এখনই তাঁর বক্তব্যকে ভিত্তি করে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত বড় কোনও অসঙ্গতি ধরা পড়েনি বলেই জানা গিয়েছে। পুলিশ তাঁর গতিবিধির ওপর নজর রাখবে বলে জানিয়েছে।
ঘটনার পর দিনই ধৃত আফগান যুবককে শিলিগুড়ি আদালতে তোলা হলে, বিচারক জামিন মঞ্জুর করেন। তবে তদন্ত প্রক্রিয়া এখনও জারি রয়েছে।
