খেলার খবর
গুগলের CEO-সহ সবাই মুগ্ধ! ১৪ বছর বয়সী কিশোরের আইপিএলে ঝড়, এক ইনিংসে ইতিহাস রচনা!
ডিজিটাল ডেস্কঃ আইপিএলের রঙিন মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা করল ১৪ বছরের বৈভব সূর্যবংশী। শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমবার খেলতে নামল বিহারের এই স্কুলপড়ুয়া কিশোর। প্রতিপক্ষ ছিল লখনউ সুপার জায়ান্টস। অভিষেক ম্যাচেই ইতিহাসে নাম তুলে ফেলল বৈভব—আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে।
এই নজিরবিহীন কীর্তির সাক্ষী থাকলেন গুগলের সিইও সুন্দর পিচাই-ও। তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এত ভোরে ঘুম থেকে উঠে একটি ম্যাচ শুধুমাত্র এই কিশোরকে দেখতে বসেছেন। তাঁর কথায়, “অষ্টম শ্রেণির এক ছাত্র আইপিএলে খেলছে, এটা অবিশ্বাস্য!” পিচাই বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করে জানান, সাহস, আত্মবিশ্বাস এবং নৈপুণ্য—সবই ছিল এই ছোট্ট ইনিংসে।
Woke up to watch an 8th grader play in the IPL!!!! What a debut! https://t.co/KMR7TfnVmL
— Sundar Pichai (@sundarpichai) April 19, 2025
মাত্র ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছে বৈভব। ইনিংসের শুরুতেই শার্দুল ঠাকুরের বলে হাঁকিয়েছে বিশাল এক ছক্কা। রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নামা বৈভব গড়েছে ৮৫ রানের জুটি। যদিও তাঁর দল শেষ পর্যন্ত ২ রানে ম্যাচ হারলেও, বৈভবের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের।
তবে ইনিংস শেষ হয়ে যাওয়ার পর আবেগে ভেসে পড়ে এই কিশোর। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় চোখের জল ধরে রাখতে পারেনি বৈভব। সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। অনেকেই তাকে উৎসাহ ও সাহস জুগিয়ে বলেছেন, “এ তো শুরু মাত্র!”
সঞ্জয় মঞ্জরেকরের কথায়, “এই দিনটা বৈভবের পরিবারের কাছে এক গর্বের মুহূর্ত। এত কম বয়সে এমন মঞ্চে নিজেকে মেলে ধরার ক্ষমতা সবাইর থাকে না।” নিলামে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও নজর কাড়ে বৈভব। অভিষেকেই বুঝিয়ে দিল, ভবিষ্যতের ভারতীয় ক্রিকেট তারকা হতে চলেছে এই কিশোর।
