চাকরি ফেরতের দাবিতে আন্দোলন অব্যাহত, তার মধ্যেই ‘যোগ্য’দের নাম পাঠাল SSC
Connect with us

ভাইরাল খবর

চাকরি ফেরতের দাবিতে আন্দোলন অব্যাহত, তার মধ্যেই ‘যোগ্য’দের নাম পাঠাল SSC

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যোগ্য-অযোগ্য বিতর্কের আবহে এক বড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। রবিবার নতুন করে একটি তালিকা শিক্ষা দপ্তরে পাঠাল এসএসসি, যেখানে প্রায় ১৯ হাজার ‘যোগ্য’ চাকরিহারার নাম রয়েছে। তালিকায় প্রার্থীদের নাম, নিযুক্ত স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

এই তালিকা পাঠানোকে ঘিরে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ, আগেই শোনা গিয়েছিল, এসএসসি-র কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রস্তুত রয়েছে। তাহলে হঠাৎ নতুন করে ‘যোগ্য’ প্রার্থীদের তালিকা তৈরি ও পাঠানোর প্রয়োজন কেন, সেই প্রশ্ন তুলেছেন একাংশ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে স্কুল নিয়োগ দুর্নীতিতে যাঁদের ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়নি, তাঁদের পক্ষেই রায় গিয়েছে। সেই রায়ের পর থেকেই প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মী নিজেদের ‘যোগ্য’ প্রমাণে আন্দোলনে নামেন। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং প্রকৃত অযোগ্যদের বাদ দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি চলছে রাজ্যজুড়ে।

শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি-র চেয়ারম্যান ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকের পরেই জানা যায়, ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ চাকরিচ্যুতদের পৃথক তালিকা প্রস্তুত করা হচ্ছে।

Advertisement
ads

আরও পড়ুনঃফের অশান্তি ছড়াল মুর্শিদাবাদে! এলাকায় মোতায়েন ২৩ জন পুলিশকর্তা

শিক্ষা দপ্তর সূত্রে খবর, আইনি পরামর্শ নিয়ে আগামী ২১ এপ্রিলের মধ্যে তালিকাটি প্রকাশ করা হতে পারে। রবিবারের মধ্যে তালিকা প্রস্তুত করার কথাও আগেই জানানো হয়েছিল। সেই অনুযায়ী ‘যোগ্য’ প্রার্থীদের তালিকা ইমেল মারফত পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে চাকরিহারাদের একাংশের মধ্যে এখনও পুরোপুরি আশ্বস্ত হওয়ার পরিবেশ তৈরি হয়নি। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চ’-র পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের আন্দোলন চলবে। সোমবার থেকে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দিল্লি অভিযানের প্রস্তুতিও চলছে জোর কদমে।

এর আগেই তারা প্রাক্তন বিচারপতি ও বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছে। সোমবার বিকেল ৫টা নাগাদ ওয়াই চ্যানেলে এক আলোচনাসভা আয়োজিত হতে চলেছে, যেখানে তাঁরা তাঁদের সমস্যা এবং দাবিদাওয়ার কথা তুলে ধরবেন।

এদিকে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, পাঠানো তালিকাটি খুঁটিয়ে দেখা হবে এবং আইন মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এখনও পর্যন্ত ‘অযোগ্য’ প্রার্থীদের নতুন করে তালিকা প্রকাশ হয়নি। দীর্ঘমেয়াদি জটিলতার পর এই তালিকা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে বহু চাকরিহারার কাছে। তবে চূড়ান্ত সমাধান যে এখনও সময়সাপেক্ষ, তা মেনে নিচ্ছেন সকলে।

Advertisement
ads