ভাইরাল খবর
কাশ্মীর ভারতেরই থাকবে, পাকিস্তানের দাবিকে রাষ্ট্রসংঘে উড়িয়ে দিল ভারত
ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রসংঘে পাকিস্তানের কাশ্মীর প্রসঙ্গ তোলার চেষ্টা শক্তভাবে খারিজ করল ভারত। শুক্রবার আন্তর্জাতিক ইসলামোফোবিয়া দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ স্পষ্ট জানান, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভবিষ্যতেও তাই থাকবে।
পাকিস্তানের প্রাক্তন বিদেশ সচিবের বক্তব্যের জবাবে হরিশ বলেন, “বারবার মিথ্যা দাবি করলেই তা সত্য হয়ে যায় না। পাকিস্তানের সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষকতার রেকর্ড গোটা বিশ্ব জানে। সীমান্ত সন্ত্রাসবাদের মাধ্যমে তাদের পরিকল্পনা কখনোই সফল হবে না।”
আরও পড়ুনঃ হোলির আনন্দ ম্লান, বরসানায় মহিলাদের প্রতি অশোভন আচরণ
ভারত আরও জানায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ভারতের বৈচিত্র্য ও বহুত্বের ঐতিহ্য রয়েছে। ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে ভারত সর্বদা রাষ্ট্রসংঘের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।
এদিকে, বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনায় ভারতকে দায়ী করার পাকিস্তানের প্রচেষ্টাকেও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ তুলছে। সন্ত্রাসবাদের প্রকৃত কেন্দ্র কোথায়, তা গোটা বিশ্ব জানে। অন্যকে দোষারোপ না করে নিজেদের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া উচিত পাকিস্তানের।”
