বিনোদন
গোপন বিয়ে থেকে পরকীয়া – বিতর্কের কেন্দ্রে অদিতি শর্মা
ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার সকাল থেকেই বলিউডের অন্দরে আলোড়ন। জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে জাদু হ্যায় জিন কা’, ‘রব সে হ্যায় দুয়া’, ‘খতরোঁ কে খিলাড়ি ১৪’ ও সাম্প্রতিক ‘অ্যাপোলেনা’-এর অভিনেত্রী অদিতি শর্মাকে ঘিরে তুমুল চর্চা। অভিযোগ, দীর্ঘদিন নিজের আপ্ত সহায়ক অভিনীত কৌশিকের সঙ্গে একত্রবাসের পর গোপনে তাঁকে বিয়ে করেছিলেন তিনি। তবে এখানেই শেষ নয়—অদিতির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে!
আরও পড়ুনঃআবগারি দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, বাঘেলের বাড়ি থেকে মিলল লক্ষাধিক টাকা!
স্বামী অভিনীত কৌশিকের দাবি, বিয়ের কথা গোপন রাখার শর্তেই সম্পর্ক এগিয়ে নিয়ে যান অদিতি। তাঁদের পরিবারও সেই বিয়েতে সম্মতি দিয়েছিল। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই অদিতির সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি প্রথমে গুজব বলে উড়িয়ে দিলেও হাতে-নাতে প্রমাণ পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেন অভিনীত। তখনই নাকি অদিতি বিবাহবিচ্ছেদের দাবি তোলেন এবং সঙ্গে চান ২৫ লক্ষ টাকা খোরপোষ!
অভিনীত জানিয়েছেন, অদিতি তাঁকে দামি উপহারও দিয়েছেন, সবসময় সঙ্গে রাখার ব্যবস্থা করেছেন। কিন্তু পরবর্তীতে সহ-অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এখন অভিনেত্রী দাবি করছেন, তাঁদের বিয়ে বৈধই নয়! তবে প্রশ্ন উঠছে—যদি বিয়ে বৈধ না হয়, তাহলে তিনি খোরপোষ দাবি করছেন কেন?এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে শুরু হয়েছে বিতর্ক। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এই কাহিনি এখন গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে।
