অনুপ্রবেশকারী চীনা নাগরিককে হেফাজতে নিল এসটিএফ
Connect with us

মালদা

অনুপ্রবেশকারী চীনা নাগরিককে হেফাজতে নিল এসটিএফ

Dipa Chakraborty

Published

on

মালদা , ১৬ জুন : মালদা জেলা পুলিশের থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফকে হস্তান্তরিত করা হল ধৃত চিনা নাগরিককে। বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হলে তাকে ১০দিনের জন্য রিমান্ডে নিয়েছে এসটিএফ।

উল্লেখ্য গত ১০ইজুন অনুপ্রবেশের দায়ে হান জুনইয়ে নামে ওই চীনা নাগরিককে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার সকালে হান জুনয়েইকে নিয়ে গিয়ে সীমান্তে অনুপ্রবেশের ঘটনার পুনর্নির্মাণ করেছিল জেলা পুলিশ। তবে, গ্রেফতারির পরও পুলিশ তার কাছ থেকে কিছু জানতে পারেনি। খোলা যায়নি বাজেয়াপ্ত ল্যাপটপ এবং আইফোনও। এমনকী অন্য এক ফোনে থাকা ম্যান্ডারিন ভাষায় লেখা কথোপকথনেরও পাঠোদ্ধার করতে পারেনি। বরং জেলা পুলিশের তদন্তকারীদের বারবার বিভ্রান্ত করছিল সে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বৃহত্তর কোনও ষড়যন্ত্রে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ওই চিনা যুবকের। আর সেই কারণেই মঙ্গলবার এই মামলার তদন্তভার মালদা জেলা পুলিশের থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ-কে হস্তান্তরিত করা হয়েছে।পাবলিক প্রসিকিউটর দেবজ্যোতি পাল জানিয়েছেন, এসটিএফের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক। তবে এখনই চিনা নাগরিককে কলকাতা নিয়ে যাওয়া হবে কিনা সে বিষয়ে তদন্তের খাতিরে কিছু বলতে চাননি দেবজ্যোতি পাল।