ভাইরাল খবর
জানুয়ারিতে বাংলায় জোড়া সভা! হাওড়া নয়, সিঙ্গুরে জনসভা চাইছে বঙ্গ বিজেপি, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের প্রথম মাসেই বাংলায় পরপর দু’দিন জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি রাজ্যে জনসভা করার কথা তাঁর। প্রথম সভা ১৭ জানুয়ারি মালদহে (Malda) প্রায় নিশ্চিত। তবে দ্বিতীয় দিনের সভা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।
প্রাথমিকভাবে ১৮ জানুয়ারি হাওড়ায় (Howrah) প্রধানমন্ত্রীর জনসভা করার পরিকল্পনা থাকলেও, রাজ্য বিজেপির (Bengal BJP) শীর্ষ নেতৃত্ব চাইছে সেই সভা হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরে (Singur) করা হোক। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই এই প্রস্তাব জানিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
বিধানসভা নির্বাচন (Assembly Election) যত এগিয়ে আসছে, ততই রাজ্যে শিল্পায়ন (Industrialisation) ও কর্মসংস্থান (Employment) ইস্যুকে সামনে রেখে আক্রমণাত্মক কৌশল নিচ্ছে বিজেপি। সম্প্রতি শীতকালীন অধিবেশনে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিজিবিএস (BGBS)-এর খরচ ও বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।
রাজনৈতিক মহলের মতে, সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা হলে তার তাৎপর্য হবে আলাদা। কারণ, একসময় সিঙ্গুর আন্দোলন (Singur Movement) রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছিল। টাটা প্রকল্প (Tata Project) বন্ধ হওয়ার স্মৃতি এখনও জনমানসে রয়েছে। সেই জায়গাকেই হাতিয়ার করে তৃণমূলের শিল্পনীতিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বিজেপি।
উল্লেখ্য, এর আগে ২০ ডিসেম্বর কৃষ্ণনগরের (Krishnanagar) সভা আবহাওয়ার কারণে ভার্চুয়ালি করতে হয়েছিল। ফলে এবার কৃষ্ণনগরেও সভা হতে পারে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। এখন দেখার, দক্ষিণবঙ্গে শেষ পর্যন্ত কোন শহর জায়গা পায়—হাওড়া, সিঙ্গুর না কৃষ্ণনগর।


