রাজ্যের খবর
নির্বাচনী আবহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল কংগ্রেস প্রার্থীর
নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে মিটিং মিছিল করে রমরমিয়ে চলেছে ভোটের প্রচার।
আর করোনা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন প্রার্থীরা।মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ কুমার নন্দীর পর আবারও করোনার বলি হলেন ভোট-যুদ্ধে অবতীর্ণ এক প্রার্থী। রবিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল সিনহার।রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় অর্থাৎ ২২ এপ্রিল খড়দায় ভোটগ্রহণ হয়েছে। এর আগের দিনই কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল প্রার্থী। তিন দিন ভেন্টিলেশনে থাকার পর রবিবার মৃত্যু হয় তাঁর।প্রার্থীর মৃত্যুর পর টুইটে শোক প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “খুব, খুব দুঃখজনক ঘটনা। স্তম্ভিত। খড়দহে আমাদের প্রার্থী কাজল সিংহ প্রয়াত হলেন কোভিডে। মানুষের সেবা করার জন্য উনি নিজের জীবন নিয়োজিত করেছিলেন। নিরন্তর প্রচার করে গিয়েছেন। আমরা ওঁর অভাব বোধ করব। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
