রাজ্যের খবর
পথ নেই, পথশ্রীও নেই! হাঁটুজলে ভাসছে পুরো একটা গ্রাম, জীবন চলে কলাগাছের ভেলায়
ডিজিটাল ডেস্কঃ নিকাশি সমস্যায় জর্জরিত উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের চক ফারসাতপুর গ্রাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে হাঁটুজল জমে গিয়েছে গোটা এলাকায়। রাস্তাঘাট তো বেহাল ছিলই, এবার ঘরে ঘরে জল ঢুকে পড়ায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এই জল পেরোতেই গ্রামবাসীদের ভরসা এখন banana raft! কলাগাছের ভেলা তৈরি করে স্কুল, বাজার কিংবা পানীয় জল আনতে যেতে হচ্ছে তাঁদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই দুর্দশা চলছে। প্রতি বছর বর্ষায় নিকাশি ব্যবস্থার করুণ হাল ও জল জমে যাওয়ার ফলে ছড়িয়ে পড়ে রোগবালাই, সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উৎপাত বাড়ে ভয়ঙ্করভাবে। শিশুদের স্কুলে পৌঁছনো, বাড়ির দৈনন্দিন কাজ, এমনকি টিউবওয়েল থেকে জল আনা—সবই হচ্ছে ভেলা ভরসায়। স্থানীয় গ্রামবাসী বলেন, “আমাদের ঘরে জল, উঠোনে জল, পথঘাটে জল। ছোটো বাচ্চাদের নিয়ে দিন কাটছে আতঙ্কে। প্রশাসন কবে আমাদের সমস্যার কথা শুনবে?”
আরও পড়ুনঃ বিহারে রক্তে ভেজা রবিবার, ২৪ ঘণ্টায় খুন আইনজীবী-চিকিৎসক-ব্যবসায়ী-দোকানি
অপর এক বাসিন্দা জানালেন, এই অবস্থা নতুন নয়। প্রতি বছরই জলবন্দি হয়ে থাকতে হয়। এবারেও সেই একই দশা। অভিযোগ উঠেছে, গ্রামের নিকাশি নালাগুলির বড় অংশ এখন অবৈধ দখলদারদের কবলে। ফলে জল বেরনোর কোনও রাস্তা নেই।
চাঁপাপুকুর পঞ্চায়েত প্রধান অবশ্য আশার আলো দেখিয়েছেন। তাঁর কথায়, “বড় একটি ড্রেনেজ ক্যানেল তৈরির অনুমতি মিলেছে ছ’মাস আগে। শীঘ্রই কাজ শুরু হবে। আশা করছি, এরপর থেকে এই সমস্যা থাকবে না।” তবে প্রশ্ন থেকে যাচ্ছে, বছর বছর দুর্ভোগ চললেও এতদিন এই প্রকল্প কেন বাস্তবায়িত হয়নি?
