খেলার খবর
পাঁচ টেস্টের সিরিজে চমক দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া, তৈরি হচ্ছে শক্তিশালী স্কোয়াড
ডিজিটাল ডেস্কঃ সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের রেশ থাকলেও টেস্ট ফরম্যাটে বড় ধাক্কা খেয়েছে ভারত। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া হয়েছে। সেই ধাক্কা কাটিয়ে নতুন করে ছন্দে ফেরার লক্ষ্যে ইতিমধ্যেই আগামী ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বোর্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের সূচনা হবে এই ইংল্যান্ড সফরের মাধ্যমেই। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সফরের আগে ‘এ’ দলের দুটি প্রস্তুতি ম্যাচও রয়েছে সূচিতে। সূত্রের খবর, সেই সফরের কথা মাথায় রেখেই ইতিমধ্যেই একটি ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড বেছে ফেলেছে নির্বাচক কমিটি, অজিত আগরকরের নেতৃত্বে।
চমক থাকছে দলে। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার উপরই ভরসা রাখতে পারে বিসিসিআই। অভিজ্ঞতার ঘাটতি পূরণে দলে রাখা হতে পারে করুণ নায়ারকে। পাশাপাশি, ঘরোয়া ও আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেতে পারেন রজত পাতিদারও। বোর্ড সূত্রে ইঙ্গিত, মিডল অর্ডারের ভঙ্গুরতা দূর করতেই তাঁদের পারফরম্যান্স কাছ থেকে পর্যালোচনা করতে চায় নির্বাচকরা।
‘A’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে করুণ, পাতিদার ছাড়াও সাই সুদর্শনকে। তবে এখনও চূড়ান্ত হয়নি শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেলের ভাগ্য। চোট এবং ফর্ম—দুই কারণেই তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে বোর্ড।
বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, “ইংল্যান্ড সফর কোনওভাবেই হালকা ভাবে নেওয়া যাবে না। বিদেশের মাটিতে পাঁচ টেস্টের লম্বা সিরিজ মানে চূড়ান্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা ও গভীর স্কোয়াড দরকার। সেই কারণেই প্রাথমিক তালিকায় একাধিক নতুন ও অভিজ্ঞ মুখকে রাখা হয়েছে।”
তবে পুরপুরি ভাবে ৩৫ জনের নাম এখন বের হয়নি মে মাসের দ্বিতীয় সপ্তাহে লিস্ট বেরবে বলে সূত্রের খবর।
