ভাইরাল খবর
তমান্নার বাড়ি যাওয়ার অঙ্গীকার, শপথের আগেই দায়িত্বের বার্তা দিলেন আলিফা
ডিজিটাল ডেস্কঃ কালীগঞ্জ উপনির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বুধবার শপথ নিতে চলেছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed)। শপথগ্রহণের ২৪ ঘণ্টা আগেই কলকাতায় এসে অত্যন্ত সংবেদনশীল মন্তব্য করলেন তিনি—তমান্না খাতুনের (Tamanna Khatun) মায়ের সঙ্গে দেখা করবেন এবং সমবেদনা জানাবেন।
উল্লেখ্য, গত ২৩ জুন ফলাফল ঘোষণার দিন বিজয় মিছিলে ছোড়া বোমার জেরে মৃত্যু হয় দশ বছরের শিশু তমান্নার। পরিবারটি এলাকায় বাম সমর্থক বলে পরিচিত। ওই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে সমস্ত বিরোধী দল। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) তমান্নার বাড়িতে গিয়ে টাকা দিতে গিয়ে সাবিনা বিবির তোপের মুখে পড়েন। দলের তরফে তাঁকে শোকজও করা হয়।
আরও পড়ুনঃ ‘কসবার প্রসঙ্গ বলিনি’, বিতর্কের মাঝেই মুখ খুললেন মানস ভুঁইয়া, বিকৃত বক্তব্যের অভিযোগ মন্ত্রীর
এর মাঝেই নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে নবনির্বাচিত বিধায়ক আলিফার ভূমিকা নিয়ে। তমান্নার মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওই মেয়েটা তো একবার এসে খোঁজটাও নেয়নি।” এদিন সেই সমালোচনারই জবাব দিলেন আলিফা আহমেদ। বিধানসভায় নথিপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “তমান্নার মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি অবশ্যই তাঁর মায়ের সঙ্গে দেখা করব। ওঁর প্রতি আমার সমবেদনা রয়েছে।”
তিনি আরও বলেন, “এতটুকু একটা প্রাণ হারানো মেনে নেওয়া যায় না। দলীয় সিদ্ধান্তে আমরা কিছু বলতে পারিনি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভীষণ কষ্ট পেয়েছি।”
বুধবার দুপুর তিনটেয় রাজ্য বিধানসভায় স্পিকারের উপস্থিতিতে শপথ নেবেন নবনির্বাচিত বিধায়ক। তার আগেই তাঁর এই বার্তা নিঃসন্দেহে রাজনৈতিক ও মানবিক—দু’দিক থেকেই তাৎপর্যপূর্ণ।
