রাজনীতি
বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু, প্রশ্ন তুললেন বিচারপতি
ডিজিটাল ডেস্কঃ বিধানসভায় (West Bengal Legislative Assembly) প্রবেশের সময় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের (Central Security) সঙ্গে রাখার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিচারপতি অমৃতা সিংহ (Justice Amrita Sinha)-র বেঞ্চে মামলাটি দায়ের করেন তিনি।
২০২০ সালে বিজেপিতে যোগদানের পর থেকে রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় সরকার তাঁকে Z ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করে। কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) স্পষ্টভাবে নির্দেশ দেন, কেন্দ্রীয় বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবেন না। প্রায় চার বছর ধরেই শুভেন্দুবাবুকে এই ব্যবস্থায় চলতে হচ্ছে। বিধানসভায় প্রবেশ করলে তাঁর নিরাপত্তারক্ষীরা বাইরে অপেক্ষা করেন।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ১৫ বছরের ভাষণ এবার বইয়ে, বিধানসভার লাইব্রেরি কমিটির বিশেষ পদক্ষেপ
এই পরিস্থিতিতে নিজস্ব নিরাপত্তার অভাব বোধ করছেন শুভেন্দু অধিকারী। তাই এবার হাই কোর্টের শরণাপন্ন হয়ে বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তা প্রবেশের অনুমতি চাইলেন তিনি। শুনানির সময়ে বিচারপতি অমৃতা সিংহ প্রশ্ন তোলেন, “বিধানসভা চত্বরে কেন্দ্রীয় নিরাপত্তা কেন প্রয়োজন? সেখানে কি তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে? পরবর্তী শুনানিতে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে শুভেন্দু অধিকারীকে।”
আইনজ্ঞ মহলের মতে, বিধানসভা চত্বরে নিরাপত্তা পরিচালনার পূর্ণ ক্ষমতা স্পিকারের হাতে। সাধারণত আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। বিশেষ করে যখন বর্ষাকালীন অধিবেশন ছাড়া আর মাত্র একটি অধিবেশন বাকি। ফলে এই মামলার ভবিষ্যত নিয়েও সংশয় তৈরি হয়েছে।
