রাজনীতি
“বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠান, পদযাত্রা দিয়ে কিছু হবে না”— মুখ্যমন্ত্রীকে নিশানা শমীকের
ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা পদযাত্রাকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দিলেন, “পদযাত্রা নয়, বরং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোই এখন জরুরি।”
শমীক ভট্টাচার্যের অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের সময় বিপুল সংখ্যক বাংলাদেশির নাম উঠে আসছে। তিনি বলেন, “ওদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যানকার্ড— সবই তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম, বারাসাত কিংবা শিলিগুড়ি থেকে। আর এসবের পেছনে তৃণমূলের প্রত্যক্ষ মদত রয়েছে। তৃণমূল তো প্রকাশ্যেই বলছে— কোনও বাংলাদেশির নাম যেন বাদ না যায়, সবাইকে ভোটার তালিকায় তুলতে হবে!”
তিনি আরও বলেন, কোলকাতা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তাঁর কথায়, “Left regime-এর সময় থেকে পশ্চিমবঙ্গ ছিল এক ‘safe passage’ (সেফ প্যাসেজ)। এখন তো পরিস্থিতি আরও জটিল। কোচবিহার হয়ে উঠেছে অনুপ্রবেশের এপিসেন্টার। ওখান থেকেই বাংলাদেশি মডিউল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে।”
এ প্রসঙ্গে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “সেখানে ৩৫ লক্ষ ভুয়ো নাম বাদ গিয়েছে। এর মধ্যে অনেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আমরাও নির্বাচন কমিশনে এমন ১৩ লক্ষ সন্দেহভাজনের তালিকা জমা দিয়েছি। ভোটার লিস্ট থেকে ভুয়ো নাম বাদ পড়াই স্বাভাবিক।”
উত্তরবঙ্গ প্রসঙ্গে শমীক জানান, বঞ্চনার প্রতিবাদে বিজেপির ‘উত্তরকন্যা অভিযান’ শীঘ্রই শুরু হচ্ছে। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খা (Indranil Khan)।
