বিনোদন
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফার্স্ট লুক: রক্তাক্ত মুখে সিগারেট, জন্মদিনে চমকে দিলেন অনুরাগীদের
জন্মদিনের দুপুরে রণবীর সিংয়ের চমক: রক্তাক্ত মুখ, সিগারেট আর জ্বলন্ত চোখে ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুকে বাজিমাত!
জন্মদিন মানেই বিশেষ, আর রণবীর সিংয়ের জন্মদিন মানেই চমক। অনুরাগীদের জন্য বরাবর নতুন চেহারা নিয়ে হাজির হন তিনি। এবারের জন্মদিনও ব্যতিক্রম নয়। রবিবার দুপুর ১২:১২ মিনিটে নিজের ইনস্টাগ্রামে ফার্স্ট লুক প্রকাশ করে চমকে দিলেন সকলকে।
দিনের শুরুতেই সকল ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছিলেন অভিনেতা। শুধু রেখে দেন একটি স্টোরি — যেখানে লেখা “12:12” ও দুটি তলোয়ারের ইমোজি। এই রহস্যময় স্টোরি ঘিরেই শুরু হয় গুঞ্জন — নতুন কিছু আসছে!
অবশেষে দুপুর ১২:১২-তেই ধামাকা — রণবীর প্রকাশ করলেন তাঁর নতুন ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar (2025)-এর ফার্স্ট লুক।
উস্কোখুস্কো চুল, রক্তমাখা মুখ, ঠোঁটে সিগারেট, আর জ্বলন্ত চোখে প্রতিশোধের সংলাপ — এক ঝলকে নেটিজেনদের মনে পড়ে গেল আলাউদ্দিন খিলজির রণবীরকে।
এই সিনেমায় শুধু রণবীরই নয়, তাঁর সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর. মাধবন — প্রত্যেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে।
‘ধুরন্ধর’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ৫ ডিসেম্বর। ফার্স্ট লুকেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা — এবার অপেক্ষা টিজার ও ট্রেলারের।
