রাজনীতি
নিয়োগ কেলেঙ্কারিতে এখনও মুক্তি নেই পার্থ চট্টোপাধ্যায়ের, সুপ্রিম কোর্টে ফের স্থগিত শুনানি
ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও আপাতত সেই সম্ভাবনায় ফের বিলম্ব। গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং প্রাক্তন শিক্ষা পর্ষদ সভাপতি সুবীরেশ ভট্টাচার্য (Subires Bhattacharyya)-র জামিন মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে গেল বিচারপতি বদলের কারণে।
বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচীর (Justice Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চে। কিন্তু শুনানির শুরুতেই সুবীরেশের আইনজীবী জানান, বিচারপতি বাগচী অতীতে কলকাতা হাই কোর্টে এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন এবং জামিনের বিরোধিতায় রায় দিয়েছেন। সেই কারণে নিরপেক্ষতার স্বার্থে অন্য বেঞ্চে মামলাটি স্থানান্তরের অনুরোধ করা হয়। বিচারপতি বাগচী নিজে এই শুনানি থেকে সরে দাঁড়ান এবং বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, “A new bench should be constituted without Justice Bagchi.”
আরও পড়ুনঃ মহিলা ক্রিকেটে উত্তর দিনাজপুরের উত্থান, রাজ্যের সম্ভাব্য দলে সুস্মিতা পাল
উল্লেখ্য, ইডি-র দায়ের করা আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের করা পৃথক মামলার জেরে এখনও মুক্তি পাননি তিনি। সেই মামলায় জামিনের আবেদন খারিজ হয়েছিল কলকাতা হাই কোর্টে। পরে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই, নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকার নগদ উদ্ধার হয়েছিল, যা সাড়া ফেলে দেয় গোটা রাজ্যে। নতুন বেঞ্চ গঠনের পর কবে শুনানি হবে, সে দিকেই এখন নজর সকলের।
